☰
✕

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা

২৭ নভেম্বর, ২০২৬

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৮৩তম সভা গত বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।

সভায় ব্যাংকের বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনা, ব্যবসায়িক কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা, সুশাসন ও প্রযুক্তিনির্ভর সেবা নিয়ে আলোচনা এবং গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক সৈয়দ রফিকুল হক, মোহাম্মদ তফাজ্জুল হোসেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ও কোম্পানি সচিব সাইফুল আলম উপস্থিত ছিলেন।

প্রিমিয়ার ব্যাংকের স্বয়ংক্রিয় রেমিট্যান্স সেবা চালু

নিজস্ব প্রযুক্তিতে সুইফট-সিবিএস ইন্টিগ্রেশনভিত্তিক স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করেছে প্রিমিয়ার ব্যাংক। এতে এসটিপি পদ্ধতিতে রেমিট্যান্স প্রক্রিয়াকরণ দ্রুত ও সহজ হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করে যোগ্য রেমিট্যান্স একই দিনে গ্রাহকের হিসাবে জমা ও নোটিফিকেশন দেওয়ার লক্ষ্যে এ সেবা চালু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, উপব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায়, মির্জা আজহার আহমদ ও মোহাম্মদ আল-আমিন, ভারপ্রাপ্ত চিফ রিস্ক অফিসার অনির্বাণ হক, ইন্টারন্যাশনাল ব্যাংকিং প্রধান শিবলী সাদেক, সিআইটিও আবু মো. সাব্বির হাসান চৌধুরী, এডিসি প্রধান শেখ মোহাম্মদ ফুয়াদ, ট্রেড অপারেশনস প্রধান মো. রোকনুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।