☰
✕

প্রাচীন স্থাপত্যের বৈশিষ্ট্যমণ্ডিত ৩ গম্বুজ মসজিদ

২৭ নভেম্বর, ২০২৬

দুই শতাব্দীরও বেশি সময় ধরে টিকে আছে একটি মসজিদ। সময়ের সঙ্গে কিছু অংশে সংস্কার হলেও হারায়নি এর প্রাচীন স্থাপত্যের বৈশিষ্ট্য। ৬ থেকে ৮ ফুট পুরু দেয়াল আর তিনটি গম্বুজ নিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নেত্রকোণার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া খাঁ বাড়ি তিন গম্বুজ জামে মসজিদ।

উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে অবস্থিত মসজিদটি স্থানীয় ইতিহাস অনুযায়ী, ১২১৭ হিজরিতে হজ থেকে ফিরে মুসা খাঁ নির্মাণ করেন। মসজিদটির দেয়াল পুরু ৬ থেকে ৮ ফুট। এর মজবুত নির্মাণশৈলী ও পুরু দেয়ালে দুর্গ কিংবা রাজপ্রাসাদের স্থাপত্যের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই নির্মাণশৈলী মসজিদটিকে স্বতন্ত্র পরিচয় দিয়েছে।

নির্মাণের সময় মসজিদটির ভেতরে এক কাতারে ১৮ জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। পরে মুসল্লিদের স্থান সংকুলানের জন্য স্থানীয়রা বারান্দা সম্প্রসারণ করেন। বর্তমানে একসঙ্গে প্রায় ৭০ জন নামাজ আদায় করতে পারেন। মেঝেতে সংস্কার ও টাইলস সংযোজন করা হলেও পুরনো স্থাপত্যের বেশ কিছু বৈশিষ্ট্য এখনো টিকে আছে।

মসজিদটির তিনটি গম্বুজ ঘিরেও স্থানীয়দের মধ্যে ধারণা প্রচলিত রয়েছে। তাঁদের মতে, ইসলামের প্রথম তিন খলিফা হজরত আবু বকর (রা.), হজরত ওমর (রা.) ও হজরত ওসমান (রা.)-এর নামে গম্বুজগুলোর নামকরণ করা হয়েছে। তবে এ ধারণার পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই। স্থানীয়দের বিশ্বাস ও ঐতিহ্যের অংশ হিসেবে ধারণাটি প্রচলিত রয়েছে।

দুই শতাব্দীরও বেশি সময় ধরে মসজিদটিতে নিয়মিত নামাজ আদায় হচ্ছে। ধর্মীয় উপাসনার পাশাপাশি পুরনো স্থাপত্যের নিদর্শন হিসেবেও এর গুরুত্ব রয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মে মসজিদটির ইতিহাস ও স্মৃতি বহন করে চলেছেন স্থানীয়রা।

মুসা খাঁ এর বংশধর মোতাহার হোসেন খান মোতালিব বলেন, ‘‘মসজিদটির সঙ্গে আমাদের পরিবারের বহু প্রজন্মের স্মৃতি জড়িয়ে আছে। আমি, আমার বাবা এবং পূর্বপুরুষরা এই মসজিদে নামাজ আদায় করেছেন। ২৩০ বছরের পুরনো এই মসজিদ শুধু অতীতের ঐতিহ্য বহন করছে না, এটি আগামী প্রজন্মের কাছেও ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে থাকবে।’’ 

তিনি আরো বলেন, ‘‘ইসলামী ঐতিহ্যের এই স্থাপনা যথাযথভাবে সংরক্ষণ ও উন্নয়ন করা গেলে শতাব্দীর পর শতাব্দী ধরে এখান থেকে ইসলামের আলো ছড়িয়ে যাবে।’’ 

মসজিদটির ইমাম মুফতি নোমান বিন আজিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে এমন একটি প্রাচীন ও ঐতিহাসিক মসজিদে ইমামতির দায়িত্ব পালন করতে পারা তার জন্য সৌভাগ্য ও গর্বের বিষয়। এই মসজিদ ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে টিকে আছে। 

তিনি বলেন, ‘‘আল্লাহর কাছে দোয়া করি, মসজিদটি যেন আগামী বহু যুগ ধরে টিকে থাকে এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তার ঐতিহ্য ধরে রাখতে পারে।’’