২৭ নভেম্বর, ২০২৬
কর্মপরিবেশ ও নতুন নিয়মাবলী নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের জেরে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) লন্ডনের পাতালরেল (টিউব) চালকদের ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে। এতে যুক্তরাজ্যের রাজধানীজুড়ে বড় ধরনের যাতায়াত ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।
রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট (আরএমটি) ইউনিয়নের সদস্য চালকেরা স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর থেকে এই কর্মবিরতি শুরু করেন। তাদের ঘোষিত ধারাবাহিক কর্মসূচির এটি প্রথম ধাপ।
এর আগে বুধবার ইউনিয়নটির পক্ষ থেকে জানানো হয়, কর্তৃপক্ষের নতুন কিছু ব্যবস্থা আরোপের পরিকল্পনার প্রতিবাদে তারা এই ধর্মঘটে যাচ্ছেন। ইউনিয়নের দাবি, নতুন এই নিয়ম চালু হলে পুরোনো চুক্তিগুলো দুর্বল হয়ে পড়বে এবং চালকদের কাজের পরিবেশ আরো খারাপ হবে।
আরএমটি-র অভিযোগ অনুযায়ী, প্রস্তাবিত পরিকল্পনার কারণে চালকদের ট্রেন চালানোর সময় ও ডিউটির ব্যাপ্তি বাড়বে, নির্ধারিত সময়ের আগে কাজ শুরু এবং দেরিতে শেষ করতে হবে। এছাড়া স্বল্প সময়ের নোটিশে শিফট পরিবর্তনসহ বিদ্যমান বদলি ও বার্ষিক ছুটির সুবিধার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়বে।
ইউনিয়নের এক বিবৃতিতে বলা হয়েছে, আরএমটি-র সাধারণ সম্পাদক এডি ডেম্পসি জানিয়েছেন, নতুন নিয়মে কোনো চালক ক্ষতিগ্রস্ত হবেন না- এমন নিশ্চয়তা তারা বারবার চেয়েছেন। তবে লন্ডন পাতালরেল কর্তৃপক্ষ সেই আশ্বাস দিতে ব্যর্থ হওয়ায় তারা ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য হয়েছেন।
এদিকে সংকটের সমাধান না হলে আগামী মাসেও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইউনিয়নটি। ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ ও ১৯ ডিসেম্বর, নতুন বছরের ৪ ও ৬ জানুয়ারি এবং ১৭, ২৩ ও ২৫ ফেব্রুয়ারি আরো কয়েক দফা ধর্মঘট পালন করবেন পাতালরেল চালকেরা।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি