☰
✕

শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে অর্থনীতি বিষয়ক বই প্রকাশ

২৭ নভেম্বর, ২০২৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে প্রকাশিত হয়েছে ‘ইকোনমিকস উইথ জ্যাস্প: লার্নিং ইকোনমিক থিওরি অ্যান্ড ডেটা অ্যানালাইসিস’ শীর্ষক শিক্ষামূলক বই। সম্প্রতি বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।

বিভাগটির অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজালের তত্ত্বাবধানে পাঁচ শিক্ষার্থীর একটি দল বইটি রচনা করেছে। অর্থনৈতিক তত্ত্বের পাশাপাশি বাস্তব তথ্য-উপাত্ত বিশ্লেষণের ব্যবহারিক পদ্ধতি শেখানোর লক্ষ্যে বইটি প্রকাশ করা হয়েছে।

বইটিতে প্রচলিত অর্থনৈতিক তত্ত্ব ও ধারণার পাশাপাশি বাস্তব জীবনের তথ্য-উপাত্ত ব্যবহার করে অর্থনৈতিক বিশ্লেষণের বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে, শিক্ষার্থীদের তথ্য বিশ্লেষণ সহজ ও কার্যকর করতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ‘জ্যাস্প’ নামের একটি ব্যবহারবান্ধব সফটওয়্যারের সঙ্গে।

সাধারণত অর্থনীতির শিক্ষার্থীরা পাঠ্যক্রমে বিভিন্ন তত্ত্ব ও গাণিতিক ধারণা সম্পর্কে জানলেও বাস্তব তথ্য-উপাত্তের মাধ্যমে সেগুলোর প্রয়োগ শেখার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। বিশেষ করে তথ্য বিশ্লেষণের সফটওয়্যার ব্যবহারে প্রাথমিক পর্যায়ে অনেকেরই জটিলতা তৈরি হয়। বইটিতে তাত্ত্বিক আলোচনা ও ব্যবহারিক প্রয়োগের সমন্বয়ে সেই ব্যবধান দূর করার চেষ্টা করা হয়েছে।

বইটির তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজাল বলেন, “অর্থনীতির প্রধান বিষয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অপ্রধান বিষয়ের শিক্ষার্থী, গবেষণায় আগ্রহী ব্যক্তি এবং অর্থনীতি ও তথ্য বিশ্লেষণ শিখতে আগ্রহী সাধারণ শিক্ষার্থীরাও বইটি থেকে উপকৃত হতে পারবেন। সহজ উপস্থাপনা ও ব্যবহারিক দিকনির্দেশনার মাধ্যমে অর্থনৈতিক জ্ঞানকে বাস্তব জীবনের তথ্য বিশ্লেষণের সঙ্গে যুক্ত করাই বইটির অন্যতম লক্ষ্য।”

বইটির সহলেখক হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ঐশী দাস তন্বী, ২০১৯-২০ শিক্ষাবর্ষের আদিবা তাবাসসুম আলভী, অপু চন্দ্র দাশ ও ঋতুপর্ণা দাশ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. জাহেদুর রহমান চৌধুরী।

অর্থনীতি শিক্ষায় তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ও গবেষণাভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরিতে বইটি শিক্ষার্থী ও নবীন গবেষকদের সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।