☰
✕

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় মসজিদের ইমাম নিহত

২৭ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইঘর বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগতির বালুবাহী ট্রাকের ধাক্কায় মাওলানা আকরাম হোসেন (৫২) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় একই মসজিদের মুয়াজ্জিনসহ আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ফতুল্লা মডেল থানার অধীন ভূঁইঘর ওভারপাসের পূর্ব পাশে মাছ বাজারসংলগ্ন সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা আকরাম হোসেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি কুমিল্লার হোমনা উপজেলার দরিচর এলাকার বাসিন্দা আব্দুল মতিনের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের বন্দর থানার আমিন আবাসিক এলাকায় বসবাস করতেন।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন একই মসজিদের মুয়াজ্জিন মো. আবু হানিফ (৫৪), পথচারী রেদোয়ান খন্দকার (২০) ও সায়েম (২২)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মধ্যরাতে সাইনবোর্ড এলাকা থেকে ভূঁইঘরের দিকে যাচ্ছিল একটি পুরোনো খালি বালুবাহী ট্রাক। ট্রাকটি দ্রুতগতিতে সার্ভিস লেনে প্রবেশ করার পর চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারী, দোকানপাট এবং দুটি ভ্যানগাড়িতে সজোরে ধাক্কা লাগে।

দুর্ঘটনার একপর্যায়ে ট্রাকটির পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মাওলানা আকরাম হোসেন। এ সময় আহত হন আরও তিনজন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠান।

​ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া বলেন, দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাকটি রেকারের মাধ্যমে জব্দ করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।