☰
✕

চিকিৎসা কার্ডের নামে নারীদের তথ্য নিয়ে প্রতারণার অভিযোগ

২৭ নভেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে চিকিৎসা কার্ড করে দেওয়ার নামে নারীদের জাতীয় পরিচয়পত্র ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠেছে। 

ভুক্তভোগী নারীদের দাবি, তাদের অজান্তে বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলায় এখন ফ্যামিলি কার্ডের জন্য নতুন অ্যাকাউন্ট করতে পারছেন না তারা। এতে চরম ভোগান্তিতে পড়ছেন শতশত নারী। এ ঘটনায় জীবননগর থানায় লিখত অভিযোগ দিয়েছেন কয়েকজন নারী।

প্রতারণার শিকার আফিরন খাতুন বলেন, কয়েকদিন আগে তিনজন ব্যক্তি বাড়িতে এসে চিকিৎসা সেবায় ৩০ শতাংশ ছাড় দেওয়ার কথা জানান। বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন এবং তাদের কাছে চিকিৎসা নিতে হলে একটি কার্ড করতে হবে বলে জানান তারা। কার্ড তৈরির জন্য মোবাইলে আসা কোড, জাতীয় পরিচয়পত্র, ছবি ও তদের মুখ, চোখ, কান ইত্যাদির ভিডিও প্রয়োজন বলে এসব তথ্য নেওয়া হয়। বিষয়টি বুঝতে না পেরে তারা তথ্য দিয়ে দেন।

আরেক ভুক্তভোগী সেলিনা বেগম বলেন, ফ্যামিলি কার্ডের জন্য অ্যাকাউন্ট খুলতে গেলে দোকান থেকে জানানো হয়, তার নামে আগে থেকেই অ্যাকাউন্ট রয়েছে। অথচ তিনি নিজে কোনো অ্যাকাউন্ট খোলেননি।

ভুক্তভোগীদের হাতে থাকা কার্ডে দর্শনা শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকের নাম ও যোগাযোগের নম্বর পাওয়া গেছে। কার্ডগুলোতে রকেট ও উপায় মোবাইল ব্যাংকিং সেবার প্রচারও রয়েছে।

চিকিৎসা কার্ডে থাকা নম্বরে আতিকুর রহমান সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে প্রতিদিন একাধিক অভিযোগ তার কাছে আসছে। পরে খোঁজ নিয়ে জানা গেছে পরিচিত এক ব্যক্তি তার নাম ভাঙিয়ে এসব করেছেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।