☰
✕

সক্ষম ও সুসংগঠিত জাতি গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার তাগিদ সেতুমন্ত্রীর

২৮ নভেম্বর, ২০২৬

​শারীরিক ও মানসিকভাবে সক্ষম এবং সুসংগঠিত জাতি গড়ে তুলতে তরুণ প্রজন্মকে মাঠমুখী ও খেলাধুলায় উদ্বুদ্ধ করার তাগিদ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 

মার্শাল আর্টের মতো সুশৃঙ্খল খেলাধুলা তরুণদের শারীরিক ফিটনেসের পাশাপাশি জীবনের যে কোনো পরিস্থিতিতে জয়-পরাজয় মেনে নেওয়ার উদার মানসিকতা তৈরি করে বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার বিকালে রাজধানীর গোপীবাগে মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট ও মার্শাল আর্ট পাওয়ার শো’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে খেলোয়াড়রা এশিয়ান মার্শাল আর্ট গেমসের ৬টি বিশেষ কৌশলসহ আকর্ষণীয় বিভিন্ন প্রদর্শনী পরিবেশন করেন। বক্তব্যকালে সেতুমন্ত্রী ক্রীড়া ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, মার্শাল আর্ট কেবল লড়াইয়ের কৌশল নয়, এটি প্রতিযোগীদের শারীরিক ও মানসিক দিক থেকে সুবিন্যস্ত ও দৃঢ় মানুষ হিসেবে গড়ে তোলে। খেলোয়াড়দের উচিত তাদের সুস্বাস্থ্য ও শালীন ব্যক্তিত্বের বিকাশ ঘটানো, যেন তরুণ সমাজ তাদেরকে ইতিবাচক রোল মডেল বা ‘আইকন’ হিসেবে গ্রহণ করতে পারে।

তিনি আরও বলেন, তরুণ সমাজকে নীতি ও শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। দেশের ইতিবাচক অগ্রযাত্রায় তরুণদের ক্রীড়ামুখী করতে আয়োজক সংস্থাসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সেতুমন্ত্রী। 

অনুষ্ঠানে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেন, তরুণ প্রজন্মকে মার্শাল আর্টের সঙ্গে যুক্ত করে মাদক থেকে দূরে রাখা সম্ভব।