২৮ নভেম্বর, ২০২৬
দেশবিরোধী অপতৎপরতা রুখতে সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে পাহারা জোরদারের আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
কাজী আলাউদ্দীন বলেন, ‘উকশা ও গোবিন্দপুরসহ কালিগঞ্জের সব সীমান্তে সবাই মিলে পাহারা দিন, যাতে ফ্যাসিস্টরা দেশে প্রবেশ করতে না পারে। প্রয়োজনে সীমান্ত সিলগালা করে দিন, তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।’
সারা দেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও নাশকতার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিগত ১৬ বছরের শাসনামলের সমালোচনা করে সাবেক এই সংসদ সদস্য বলেন, লুটপাট, গুম, খুন ও মিথ্যা মামলার মাধ্যমে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ‘কৃষক কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ডের’ মতো জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে দেশ পরিচালনা করছে। তবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তাঁর অনুসারীরা একটি পশ্চিমা গোষ্ঠীর প্ররোচনায় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন তিনি। এসব ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কাজী আলাউদ্দীন।
জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন মোবাচ্ছের হোসেন পলাশ, সাইলুজ্জামান খান ও মো. ফারুক হোসেন।
সমাবেশ শেষে উপজেলার থানা সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এদিকে বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহরে নাশকতাবিরোধী বিক্ষোভ মশালমিছিল করে জেলা বিএনপি। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৌদি আলীসহ দলটির নেতারা।