২৮ নভেম্বর, ২০২৬
মাদক নির্মূলে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক। তিনি বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে সচেতনতা শুরু করতে হবে পরিবার থেকেই। এলাকার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে শক্তিশালী সামাজিক আন্দোলন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাইকদি, ভাটেরগাঁও, কর্দি ও পাঁচগাঁও মাদক নির্মূল কমিটি এ সভার আয়োজন করে।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুর রহমান মৃধার সভাপতিত্বে সভায় একরামুল ছিদ্দিক বলেন, সমাজ থেকে মাদক দূর করতে হলে প্রথমে নিজেকে সচেতন হতে হবে। নিজের সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। এলাকার সবাই ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুললে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। এ কাজে প্রশাসন সবসময় এলাকাবাসীর পাশে থাকবে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজের সচেতন নাগরিক ও তরুণ প্রজন্মকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইউছুফ আলী এবং সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ।
সভা শেষে এলাকার মাদকবিরোধী কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নতুন একটি কমিটির নাম ঘোষণা করা হয়।
সভায় বক্তারা যুবসমাজকে মাদকের প্রভাব থেকে রক্ষায় পারিবারিক সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।