২৮ নভেম্বর, ২০২৬
জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় প্রচলিত শিক্ষাব্যবস্থায় সমন্বিত ও জনসম্পৃক্ত ‘প্ল্যানেটারি হেলথ’ শিক্ষা যুক্ত করার আহ্বান জানিয়েছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে তারা এ আহ্বান জানান।
‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন কমিউনিটি-ড্রিভেন প্ল্যানেটারি হেলথ এডুকেশন’ শীর্ষক এ আয়োজনটি সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ‘ইরাসমাস প্লাস ক্যাটা-আর্থ’ প্রকল্পের অধীনে এর মূল আয়োজক ছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং সহ-আয়োজক ছিল এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)।
সিম্পোজিয়ামে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, “বাংলাদেশের জন্য প্ল্যানেটারি হেলথ কোনো বিলাসী বিষয় নয়, বরং এটি একটি জাতীয় উন্নয়ন অগ্রাধিকার। জলবায়ু ও স্বাস্থ্য-সংক্রান্ত এই সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা করতে হবে এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সমাধান নিয়ে আসতে হবে। আমাদের ভবিষ্যৎ গ্র্যাজুয়েটদের এমন সব সমস্যার মুখোমুখি হতে হবে, যেগুলো কোনো নির্দিষ্ট বিভাগের সীমানা মানবে না। তাই, একজন চিকিৎসককে যেমন জলবায়ু বুঝতে হবে, তেমনই একজন প্রকৌশলীকে বুঝতে হবে সমাজ এবং একজন অর্থনীতিবিদকে বুঝতে হবে বাস্তুতন্ত্র। এ লক্ষ্যে উচ্চশিক্ষার পাঠ্যক্রম আধুনিকায়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং গবেষণা সহায়তায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।”
অনুষ্ঠানে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “উপকূলীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয় হিসেবে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত স্থায়িত্ব, দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগোষ্ঠীর সহনশীলতা গড়ে তুলতে শিক্ষা ও গবেষণার মাধ্যমে অবদান রাখার বিশেষ দায়বদ্ধতা আমাদের রয়েছে। জলবায়ু পরিবর্তন আমাদের প্রতিবেশীদের প্রতিদিনের বাস্তবতা। তাই, গবেষণা যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের কল্যাণ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে প্রত্যক্ষ ভূমিকা রাখে, সেটিই আমাদের লক্ষ্য।”
বিশেষ অতিথির বক্তব্যে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশের হেড অব ইউনিট (ইন্টারন্যাশনাল পার্টনারশিপ) ড. মিখাল ক্রেইজা বলেন, “ক্যাটা-আর্থ প্রকল্পের লক্ষ্যগুলো ‘ইউরোপিয়ান গ্রিন ডিল’-এর মূল আকাঙ্ক্ষার সঙ্গে গভীরভাবে সংগতিপূর্ণ। ইউরোপীয় ইউনিয়নের এই রূপরেখাটি মূলত জলবায়ু-নিরপেক্ষ, সম্পদ-সাশ্রয়ী এবং একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করছে।”
নেদারল্যান্ডসের উত্রেখট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক জর্জ ডাউনওয়ার্ড বলেন, “প্ল্যানেটারি হেলথের মূল ধারণা হলো—জলবায়ু, কৃষি ও জনস্বাস্থ্য বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, বরং একই সূত্রে গাঁথা। এ প্রকল্পের মাধ্যমে এমন এক শিক্ষাগত সক্ষমতা তৈরি করা হচ্ছে, যা পরিবেশ ও মানবজাতির কল্যাণে আসবে। প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষকেও সচেতন ও দক্ষ করে তোলা হবে, যাতে তারা নিজেরাই পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।”
সিম্পোজিয়ামের শুরুতে স্বাগত বক্তব্য দেন নোবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন এবং ক্যাটা-আর্থ প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান। তিনি বলেন, “চারপাশের প্রকৃতি সুস্থ থাকলেই কেবল মানুষ সুস্থ থাকতে পারে। স্থানীয় জনগোষ্ঠী আমাদের কাজের নিছক বিষয়বস্তু নয়, বরং তারা আমাদের অংশীদার, শিক্ষক ও সহ-নির্মাতা।”
প্রকল্পের আওতায় চারটি স্বীকৃত কোর্স ও একটি উন্মুক্ত অনলাইন কোর্স তৈরি করা হচ্ছে বলে তিনি জানান।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য অধ্যাপক ড. সঙ্গীতা রায়ামাঝি। বাংলাদেশ, নেদারল্যান্ডস, স্পেন ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও নীতিনির্ধারকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সিম্পোজিয়াম জলবায়ু-সহনশীল ও স্বাস্থ্যসম্মত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।