২৮ নভেম্বর, ২০২৬
যুক্তরাজ্যে নিট অভিবাসনের হার নাটকীয়ভাবে কমে ১৯৯৭ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ২০২৬ সালের জুন পর্যন্ত শেষ হওয়া এক বছরে দেশটিতে নিট অভিবাসীর সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৭৭ হাজারে। করোনাভাইরাস মহামারিকালীন ব্যতিক্রমী সময় বাদ দিলে, এটি গত ২৯ বছরের মধ্যে যুক্তরাজ্যের সর্বনিম্ন নিট অভিবাসনের রেকর্ড।
মূলত ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো (নন-ইইউ প্লাস) থেকে যুক্তরাজ্যে নতুন অভিবাসী আসার হার ১৭ শতাংশ কমে যাওয়ার কারণেই নিট অভিবাসনে এই বড় পতন ঘটেছে। অন্যদিকে, যুক্তরাজ্য ছেড়ে চলে যাওয়া মানুষের সংখ্যা প্রায় স্থিতিশীল রয়েছে।
অতীতে পরপর কয়েকটি কনজারভেটিভ (টোরি) সরকার নিট অভিবাসন ১ লাখের নিচে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েও ব্যর্থ হয়েছিল। ফলে বর্তমান সময়ে এই পতনকে ব্রিটিশ রাজনীতির জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের (হোম অফিস) পৃথক পরিসংখ্যানে দেখা গেছে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত গত এক বছরে দেশটিতে আশ্রয় (অ্যাসাইলাম) প্রার্থীদের সংখ্যা এক-তৃতীয়াংশ কমে গেছে।
ছোট নৌকায় করে অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের সংখ্যাও কমেছে। তবে আশ্রয় প্রার্থনার সংখ্যা কমলেও, আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর আইনি আপিল করার হার বেড়েছে।
অভিবাসন কমার এই পরিসংখ্যানকে বর্তমান সরকারের সাফল্য দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, পূর্ববর্তী সরকারের আমলের সর্বোচ্চ চূড়া থেকে অভিবাসন ৯২ শতাংশ কমিয়ে এনে সরকার দেশের সীমান্তে পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছে।
বিরোধী দল কনজারভেটিভ পার্টি এ কৃতিত্ব মানতে নারাজ। ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিল্প দাবি করেন, আগের টোরি সরকারের নেওয়া নীতিগত পরিবর্তনের ফলেই অভিবাসন কমেছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ব্রিটিশ ও ইউরোপীয় নাগরিকেরা এখন ‘দল বেঁধে’ যুক্তরাজ্য ছেড়ে চলে যাচ্ছেন।
যুক্তরাজ্য ছেড়ে যাওয়ার পেছনে উচ্চ জীবনযাত্রার ব্যয়কে বড় কারণ হিসেবে দেখছেন সাধারণ মানুষ। উদাহরণ হিসেবে লিডস শহরের বাসিন্দা আলিশা জানান, জীবনযাত্রার অতিরিক্ত ব্যয়ের চাপে পড়ে গত মে মাসে তিনি যুক্তরাজ্য ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন। সেখানে অর্থের বিপরীতে যুক্তরাজ্যের চেয়ে অনেক বেশি সুযোগ-সুবিধা ও উন্নত জীবনমান পাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।