২৮ নভেম্বর, ২০২৬
এক কনসার্ট শেষ হতে না হতেই ঢাকার মঞ্চে আরেক আন্তর্জাতিক সংগীত তারকাকে আনার পরিকল্পনার কথা জানালেন আয়োজক। রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার পরিবেশনা দেখতে আসা দর্শকদের জন্য এবার নতুন চমক দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ।
তার পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের এপ্রিলে ঢাকায় আসতে পারেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান নাঈম আশরাফ। তার ঘোষণা অনুযায়ী, রাজধানীর আর্মি স্টেডিয়ামে শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ।
বিশ্বসংগীতে শাকিরা পরিচিত নাম। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী। ‘হিপস ডোন্ট লাই’, ‘ওয়াকা ওয়াকা’, ‘হোয়েনএভার, হোয়্যারএভার’ ও ‘আন্ডারনিথ ইওর ক্লোদস’-এর মতো গান তাকে আন্তর্জাতিকভাবে জনপ্রিয়তা এনে দিয়েছে।
বিশেষ করে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ এখনো বিশ্বজুড়ে শ্রোতাদের কাছে সমান পরিচিত।
ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি দেশের সংগীতাঙ্গনে বড় আন্তর্জাতিক আয়োজনগুলোর একটি হতে পারে। তবে এখনো তার বাংলাদেশ সফর কিংবা কনসার্টে অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
আয়োজকদের পক্ষ থেকে কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য, টিকিট বিক্রির সময়সূচি কিংবা অন্যান্য আনুষ্ঠানিক তথ্যও প্রকাশ করা হয়নি। ফলে আপাতত শাকিরাকে ঢাকায় আনার বিষয়টি আয়োজকের পরিকল্পনা হিসেবেই রয়েছে।
এদিকে শুক্রবারের ওটিলিয়া কনসার্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক নাঈম আশরাফ পৃষ্ঠপোষক, সাংবাদিক, সরকার, প্রশাসন ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
একই সঙ্গে তার নতুন ঘোষণায় আন্তর্জাতিক সংগীত তারকাদের ঢাকায় দেখার অপেক্ষায় থাকা দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ।