☰
✕

সরাইলে মাদক ও চুরির অভিযোগে এক পরিবারের অতিষ্ঠে এলাকাবাসী

২৮ নভেম্বর, ২০২৬

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের চানমনিপাড়া এলাকার একটি পরিবারের বিরুদ্ধে মাদক কারবার ও চুরির অভিযোগে অতিষ্ঠ হয়ে উঠেছেন চার মহল্লার বাসিন্দারা। প্রায় এক দশক ধরে চলা এই উৎপাতে অতিষ্ঠ হয়ে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। 

অভিযোগে চানমনিপাড়ার প্রয়াত কবির হোসেনের স্ত্রী ইয়াসমিন বেগম (৪৮) এবং তার তিন ছেলে নাঈম হোসেন (৩০), সাঈম হোসেন (২২) ও ১৭ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কবির হোসেনের মৃত্যুর পর তার স্ত্রী ইয়াসমিন তিন ছেলেকে নিয়ে চানমনিপাড়া ছাড়াও হালুয়াপাড়া, ছোট দেওয়ানপাড়া ও মোগলটুলা এলাকায় ইয়াবা-ফেনসিডিলের ব্যবসা চালাচ্ছেন। পাশাপাশি বাড়ি তালাবদ্ধ থাকলেই কিংবা রাতে তারা বাসাবাড়িতে চুরি করেন। 

সম্প্রতি এক প্রবাসীর বাড়ি থেকে স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এ ছাড়া চানমনিপাড়ার একটি খালি বাড়িতে চুরির সিসিটিভি ফুটেজেও তাদের দেখা গেছে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা নুরুল হুদা বলেন, থানা থেকে হাঁটা দূরত্বে বাড়ি হলেও মাদক কারবার বন্ধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাদের ভয়ে মানুষ প্রতিবাদ করতেও সাহস পায় না।

সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার জানান, ২০২৪ সালে সালিশ করে পরিবারটিকে সামাজিকভাবে বয়কট ও এলাকা ছাড়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। কিন্তু সপ্তাহখানেক পরই তারা ফিরে এসে আগের কর্মকাণ্ড শুরু করে। একাধিকবার জেল খাটলেও জামিনে বেরিয়ে তারা আবার অপরাধে জড়ায়। তবে লিখিত আবেদনে এলাকাবাসী অপ্রাপ্তবয়স্ক ছেলেটির জন্য পুনর্বাসন ও শিক্ষার ব্যবস্থা করারও অনুরোধ জানিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে ইয়াসমিন বেগম বলেন, আমার ছেলেরা নেশা করে, এটা সত্য। কিন্তু আমরা চুরি বা মাদক বিক্রির সঙ্গে জড়িত নই। কেউ হাতেনাতে ধরতে পারেনি। নিরীহ বলে সমাজের লোকজন আমাদের ওপর দোষ চাপায়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের  ভূইঁয়া বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির জানান, এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নিতে পুলিশসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন তিনি।