২৮ নভেম্বর, ২০২৬
শীতের সকালে কুয়াশায় ঢাকা শহর, আর রাতে হিমেল বাতাসের দাপট। কারও কাছে শীত মানে উষ্ণ পোশাকে আরামদায়ক সময় কাটানো, আবার কারও কাছে শীত মানেই প্রতিদিনের কঠিন জীবনসংগ্রাম। যাদের মাথার ওপর নিরাপদ ছাদ নেই, শরীরে জড়ানোর মতো পর্যাপ্ত গরম কাপড় নেই, তাদের কাছে শীতের প্রতিটি রাতই হয়ে ওঠে কষ্টের। রাজধানীর ফুটপাত, পার্ক কিংবা খোলা আকাশের নিচে রাত কাটানো এসব মানুষের জীবনে সামান্য উষ্ণতাও অনেক বড় প্রাপ্তি। সমাজের এমন অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে ভালোবাসা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছে বসুন্ধরা শুভসংঘের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর সদরঘাট ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় পথশিশুসহ তিন শতাধিক অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে বসুন্ধরা শুভসংঘ।
শীতবস্ত্র বিতরণকালে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা সদরঘাট ও ভিক্টোরিয়া পার্ক এলাকার বিভিন্ন স্থানে গিয়ে অসহায় মানুষের হাতে শীতবস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন। যাঁদের অনেকেরই শীত নিবারণের পর্যাপ্ত ব্যবস্থা নেই, এমন মানুষের কাছে এসব সামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে তাঁদের জীবনে সামান্য স্বস্তি এনে দেওয়ার চেষ্টা করেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
শীতবস্ত্র পেয়ে জামাল নামের একজন উপকারভোগী আবেগাপ্লুত হয়ে বলেন, 'শীতের মধ্যে আমাগো অনেক কষ্ট হয়। গরম কাপড়ের অভাবে রাইতে ঠিকমতো ঘুমাইতে পারি না। আজকে আপনারা আমাগো কাপড় দিছেন, এতে অনেক উপকার হইব।'
এই মানবিক উদ্যোগের অন্যতম দিক ছিল বসুন্ধরা শুভসংঘের কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। হলের শিক্ষার্থীদের কাছ থেকে আন্তরিকভাবে সংগ্রহ করা শীতবস্ত্রগুলোও শীতার্ত মানুষের হাতে তুলে দেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে শিক্ষার্থীরা প্রমাণ করেছেন, মানুষের পাশে দাঁড়াতে সব সময় বড় আয়োজন কিংবা বিপুল সামর্থ্যের প্রয়োজন হয় না; প্রয়োজন শুধু অন্যের কষ্ট অনুভব করার মানসিকতা ও আন্তরিক ইচ্ছা।
একটি শীতবস্ত্র হয়তো অনেকের কাছে সামান্য উপহার, কিন্তু যার শীত নিবারণের মতো পর্যাপ্ত পোশাক নেই, তার কাছে সেটিই হতে পারে অনেক বড় স্বস্তি। এমন একটি উদ্যোগের মধ্য দিয়ে শুধু কিছু মানুষের হাতে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়নি, বরং সমাজের প্রতি সহমর্মিতা, ভালোবাসা ও মানবিক দায়বদ্ধতার বার্তাও ছড়িয়ে দেওয়া হয়েছে। বসুন্ধরা শুভসংঘের সদস্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই প্রচেষ্টা মনে করিয়ে দেয়, প্রকৃত শিক্ষা কেবল শ্রেণিকক্ষের পাঠ কিংবা ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে বসুন্ধরা শুভসংঘ নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা কমিটির আহ্বায়ক জান্নাতুল মাওয়া লিশার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সামিয়া জামান। এছাড়াও হল শাখা কমিটির সদস্য সামসুন্নাহার মুক্তা, সুরাইয়া অনু, বিথি কুন্ডু, মিথিলাসহ বসুন্ধরা শুভসংঘের অন্যান্য সদস্যরা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বসুন্ধরা শুভসংঘ নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা কমিটির আহ্বায়ক জান্নাতুল মাওয়া লিশা বলেন, ‘সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বিশেষ করে শীতের সময় যাদের পর্যাপ্ত পোশাক কিংবা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নেই, তাঁদের কষ্ট উপলব্ধি করে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা প্রত্যেকেরই মানবিক কর্তব্য। আমরা চাই, বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগের মাধ্যমে মানুষের মুখে কিছুটা স্বস্তি ও আনন্দ ফিরিয়ে আনতে।’
বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সামিয়া জামান বলেন, ‘একটি সুন্দর ও সহমর্মী সমাজ গড়তে হলে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মানুষের জন্য এগিয়ে আসতে হবে। বসুন্ধরা শুভসংঘের এই সামান্য প্রচেষ্টা যদি কারও শীতের কষ্ট কিছুটা কমাতে পারে, সেটিই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। মানুষের কল্যাণে বসুন্ধরা শুভসংঘের এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।’
উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষের পাশে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখার এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছাসেবা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের চর্চাকে আরও উৎসাহিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।