☰
✕

ভাঙন রোধ ও গ্রাম সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

২৮ নভেম্বর, ২০২৬

মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি বলেছেন, নদীভাঙন রোধ ও জনপদ সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এ জন্য প্রয়োজনীয় সমীক্ষা ও গবেষণার মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

শনিবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার রমজাইপুর এলাকায় নৌ চ্যানেলের ভাঙন পরিস্থিতি পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেড় মাস আগে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনের পর নেয়া উদ্যোগের অংশ হিসেবে রমজাইপুর এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে জিও ব্যাগ ফেলার পরও আবার ভাঙন দেখা দিচ্ছে। এখানকার ভাঙন সোজা ও খাড়াভাবে হওয়ায় তা প্রতিরোধ করা সহজ নয়। তাই এ বিষয়ে বিস্তারিত সমীক্ষা করে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নদীর বাঁকগুলো কীভাবে ঠিক বা সোজা করা যায়, তা-ও সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে। নদীর বাঁকের কারণে সৃষ্ট স্রোতের আঘাতে অপর পাড়েও ভাঙন অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চলমান খননকাজের সঙ্গে সমন্বয় করে ভাঙন রোধে একটি যৌক্তিক সমাধানে পৌঁছাতে হবে।

শেখ ফরিদুল ইসলাম বলেন, নদীভাঙনে স্থানীয় মানুষের বাড়িঘর ও কৃষিজমি বিলীন হচ্ছে। এতে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ছেন এবং কেউ কেউ বাস্তুচ্যুত হচ্ছেন। এসব মানুষের পাশে দাঁড়ানো তাঁর নৈতিক দায়িত্ব। তাদের দুর্ভোগের বিষয়টি সরকারকে জানানো এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে কাজ করবেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় সমীক্ষা শেষে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠালে তা পর্যালোচনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. মিরাজ মোল্লা, রায়েন্দা এলাকার উপবিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবির এবং ভূটিয়ামারী এলাকার উপসহকারী প্রকৌশলী হোসনেয়ারা জামিল সুমানা।

এ সময় প্রতিমন্ত্রী ভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁদের দুর্ভোগের কথা শোনেন এবং সার্বিক খোঁজখবর নেন।