☰
✕

দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৮ নভেম্বর, ২০২৬

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশসহ দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো ধরনের নাশকতা ও অস্থিরতা মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

পরিদর্শনকালে তিনি চিকিৎসাধীন আহত সদস্যদের শয্যাপাশে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজ নেন। তাঁদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। আহত সদস্যদের সাহস ও দায়িত্ববোধের প্রশংসা করে তাঁদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি।

সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁদের কারও মাথায় আঘাত লেগেছে, আবার কারও হাড় ভেঙেছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে কয়েকজনকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা দিতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও ধৈর্যের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, চাকরিতে যোগদানের সময় সদস্যরা প্রয়োজনে জীবন দিয়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় নিজেদের গুরুতর আহত হওয়ার পরও তাঁরা ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরি স্বাগত জানিয়েছেন এবং তাঁরা সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে উসকানি দিয়ে জ্বালাও-পোড়াওয়ের চেষ্টা করা হচ্ছে। দেশের কয়েকটি ইউনিয়নে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল করে অস্থিরতা তৈরির অপচেষ্টাও চলছে। এসব পাঁয়তারা কোনোভাবেই সফল হবে না।

সীমান্ত পরিস্থিতি এবং প্রতিবেশী দেশের কয়েকজন ব্যক্তির বাংলাদেশ নিয়ে মন্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, সেটি দেখার বিষয় নয়। তবে দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

হাসপাতাল পরিদর্শনের সময় পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন এবং চিকিৎসাসেবার মান বাড়াতে নেওয়া প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তিনি।

পুলিশ সদস্যদের চিকিৎসার বড় একটি অংশ আঘাতজনিত হওয়ায় হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ানো এবং এ বিষয়ে বিশেষায়িত সেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ অর্থোপেডিক্সের পাশাপাশি নিউরোমেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। এ ছাড়া কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ক্যানসার ইউনিট বা শাখা চালুর বিষয়েও ইতিবাচক মতামত দেন তিনি।

এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় আহত আটজন পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন গোপালগঞ্জ, একজন গাজীপুর সদর এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত। চিকিৎসাধীন সদস্যদের নাম দেওয়া হয়েছে—দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম হযরত বেলাল, মো. আবু আলম (ইন্সপেক্টর) ও মো. রাকিবুল ইসলাম।