☰
✕

মেঝের নিচে গোপন কুঠুরি, এসআরবির অভিযানে মিলল ৯৯ বোতল স্কাফ

২৮ নভেম্বর, ২০২৬

 

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যারেজের মেঝের নিচে তৈরি করা সুড়ঙ্গ সদৃশ গোপন আস্তানা খুঁড়ে ৯৯ বোতল অবৈধ মাদক ‘স্কাফ’ উদ্ধার করা হয়েছে। এসময় মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়ন (এসআরবি-১১)।

 

​শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় আসামিদের মালিকানাধীন একটি গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-বন্দর উপজেলার মোছাপুর ইউনিয়নের জগীপাড়া এলাকার আব্দুল করিম (৬০) এবং তাঁর ছেলে মো. মাসুম (৩২)।

​এসআরবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল লাঙ্গলবন্দের ওই গ্যারেজে বিশেষ অভিযান পরিচালনা করে। তল্লাশির একপর্যায়ে কক্ষের মেঝের নিচে অত্যন্ত কৌশলে নির্মিত একটি গোপন কুঠুরির সন্ধান পায় এসআরবি। পরবর্তীতে মাটি ও মেঝে খুঁড়ে ওই গোপন কুঠুরি থেকে ৯৯ বোতল অবৈধ স্কাফ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা জব্দ এবং মাদক কারবারে জড়িত পিতা-পুত্রকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য উদ্ধারকৃত মালামালসহ বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

​এসআরবি-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. হানিন আল তুরাবি বলেন, মাদক কারবারিরা নজরদারি এড়াতে মেঝের নিচে সুড়ঙ্গ সদৃশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও গোপন চেম্বার বানিয়ে সেখানে দীর্ঘদিন ধরে বোতলজাত মাদক মজুত করে আসছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা সেই গোপন কুঠুরির সন্ধান পাই এবং বিপুল পরিমাণ মাদকসহ তাদের গ্রেফতার করতে সক্ষম হই।