২৮ নভেম্বর, ২০২৬
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। একই দিনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাও ফেসবুক লাইভে এসে ওই ওসিকে হুমকি দিয়েছেন। দুটি ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি।
গতকাল শুক্রবার ওসিকে হুমকি দেওয়ার ঘটনাটি ঘটে। রাতেই রামগঞ্জ থানায় এ বিষয়ে জিডি করা হয়। হুমকিদাতা দুজন হলেন—রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খান।
রামগঞ্জ থানার ওসিকে ফেসবুক লাইভে হুমকি দেওয়ার ভিডিও এবং মুঠোফোনে হুমকি দেওয়ার অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। অডিওতে ওসিকে উদ্দেশ্য করে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সহসভাপতি আফরান খানকে বলতে শোনা যায়, ‘বিএনপির কথা শুনে আমাদের আওয়ামী লীগের আর একজন নেতা–কর্মীকেও যদি আটক বা হয়রানি করা হয়, তবে আপনাদের (পুলিশ) পরিণতি খারাপ হয়ে যাবে। এবার থানা জ্বালিয়ে দেওয়া হবে। আমাদের নেতা-কর্মীদের নামে কি কোনো মামলা আছে?’
ফেসবুক লাইভে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের করপাড়া ইউনিয়ন সভাপতি আবু জাফরও অভিযোগ তোলেন, তাঁদের দলীয় নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। এ সময় ওসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আর একজন নেতা-কর্মীকেও যদি পুলিশ হয়রানি করে, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। ওসি আপনাকে বলছি, এখনো সময় আছে। আপনি থাকবেন, আপনার পরিবারও থাকবে, কোথাও যেতে পারবেন না।’
আবু জাফর আরও বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে জয় বাংলার প্রতিধ্বনি হবে। পারলে আপনি ঠেকান। হয় আপনারা থাকবেন, না হয় আমরা থাকব।’
হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, হুমকিদাতা দুই ব্যক্তি দেশের বাইরে রয়েছেন। নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতা সৌদি আরবে এবং অন্যজন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। থানায়ও সাধারণ ডায়েরি করা হয়েছে।