২৮ নভেম্বর, ২০২৬
ছেলে কাবিলা ঢাকায় থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। বন্ধুদের সঙ্গে ব্যাচেলর বাসায় থাকে। সবার কাছে গর্ব করে বলে মায়ের কথা। তার মা পলি চেয়ারম্যান। নোয়াখালীর একটি এলাকার চেয়ারম্যান। সেই মানুষটিকে খুব একটা পর্দায় দেখা যায়নি। কেবল ফোনের ওপাশ থেকেই শোনা যেতো তার কণ্ঠ।
ওই কথোপকথন থেকেই পলি চেয়ারম্যান হিসেবে পরিচিতি পান অভিনেত্রী গুলশান আরা আহমেদ। পরে কাবিলার সঙ্গে তার বন্ধুরাও যায় গ্রামে। সেখানেই কয়েকটি পর্বে দেখানো হয় পলি চেয়ারম্যান তথা গুলশান আরাকে।
গত বছরের ১৫ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গুলশান আরা। অভিনয়ে দীর্ঘদিন জড়িত ছিলেন তিনি। তবে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলার মা হিসেবেই তার অধিক পরিচিতি। তাই সে সময় ‘ব্যাচেলর’দের পাশাপাশি দর্শকও বিষণ্ন হয়েছিল।
বিজ্ঞাপন
এবার সেই বিষণ্নতা আরো গভীর রূপ নিলো। কারণ পর্দায়ও মারা গেল পলি চেয়ারম্যান। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এসেছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন পাঁচ’-এর শেষ ছয়টি পর্ব। সেখানেই দেখা গেল, পলি চেয়ারম্যানের মৃত্যু হয়। আর আকস্মিক সেই খবরে গ্রামে ফেরে কাবিলা, সঙ্গে তার বন্ধুরাও। হৃদয়স্পর্শী দৃশ্যটি দর্শককেও আবেগাক্রান্ত করছে।
এখানেই শেষ নয়, ওই পর্বটি উৎসর্গ করা হয়েছে গুলশান আরাকে। পর্ব শেষে ফ্রেমবন্দী গুলশান আরার ছবির সঙ্গে ব্যাচেলর পয়েন্ট পরিবার থেকে দেওয়া হয়েছে বার্তা, ‘প্রয়াত গুলশান আরা আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এই পর্বটি তাকে উৎসর্গ করা হলো।’
একজন অভিনেত্রী, যিনি নাটকের প্রধান চরিত্রেও ছিলেন না। তার মৃত্যুর এতদিন পরে এসেও ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম যেভাবে তাকে স্মরণ করেছে, সেটাকে সাধুবাদ দিচ্ছেন দর্শক।
উল্লেখ্য, ১৪০ পর্বে শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। কাজল আরেফিন অমির এই ধারাবাহিকের জনপ্রিয়তা অসামান্য। নির্মাতারা বলছেন, এর মধ্য দিয়েই শেষ হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর দীর্ঘ পথচলা। তবে শেষ দিকে গল্পের কিছু পথ খোলা রাখা হয়েছে। দর্শকের আগ্রহে হয়তো কখনো ফিরতেও পারে ধারাবাহিকটি।
২০১৭ সালে যাত্রা শুরু করেছিল ‘ব্যাচেলর পয়েন্ট’। এত দীর্ঘ সময় ধরে দেশের কোনো নাটক অবস্থান ধরে রাখতে পারেনি। এর চরিত্রগুলোর নাম, সংলাপ, কিংবা তাদের মধ্যকার হাস্যরস ও আবেগপূর্ণ মুহূর্তগুলো হয়ে উঠেছিল দর্শকের বিনোদনের অন্যতম সঙ্গী। তাই শেষটা মানতে পারছেন না অনেকেই।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রধান কয়েকটি চরিত্রে আছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মুসাফির সৈয়দ বাচ্চু, মনিরা আক্তার মিঠু, অর্চিতা স্পর্শিয়া প্রমুখ।