২৮ নভেম্বর, ২০২৬
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ব্যাট হাতে বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন মুশফিকুর রহিম। কখনো দলের নির্ভরতার প্রতীক, কখনো অধিনায়ক হিসেবে কঠিন সময়ে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। অসংখ্য স্মরণীয় ইনিংস আর অর্জনে সাজানো সেই টেস্ট ক্যারিয়ারে এবার পড়তে যাচ্ছে শেষের রেখা। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার।
দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর আগেভাগেই দেশে ফেরেন বাংলাদেশের ক্রিকেটাররা। পাঁচ দিনের ম্যাচ হলে শনিবার দেশে ফেরার কথা ছিল দলের। কিন্তু দুই দিন আগেই খেলা শেষ হয়ে যাওয়ায় সফর সংক্ষিপ্ত হয়। আর সেই সফরটিই হয়ে থাকল জাতীয় দলের হয়ে মুশফিকের শেষ বিদেশ সফর।
দেশে ফেরার পরই টেস্ট ক্রিকেট নিয়ে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করেন মুশফিক। শনিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল।
আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ইংল্যান্ড সিরিজের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের দীর্ঘ পথচলার ইতি ঘটবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ হওয়ায় বিদায়ের মঞ্চ হিসেবে ইংল্যান্ডকেই বেছে নিয়েছেন তিনি।
২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। দীর্ঘ ২২ বছরের পথচলা শেষে ২০২৭ সালের জানুয়ারিতে একই প্রতিপক্ষের বিপক্ষে শেষ টেস্ট খেলবেন তিনি। যদিও ২০২৭ সালের মে মাসে লর্ডসে বাংলাদেশের আরেকটি টেস্ট খেলার সম্ভাবনা রয়েছে, তবে সেই পর্যন্ত অপেক্ষা করছেন না এই অভিজ্ঞ ক্রিকেটার।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে মুশফিকের অর্জনও বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ১০৮ টেস্টের ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে করেছেন ৭ হাজার ৬২ রান। দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ম্যাচ ও সর্বোচ্চ রানের রেকর্ড তার দখলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
ক্যারিয়ারের শুরুতে সেঞ্চুরি পেতে অপেক্ষা করতে হলেও পরবর্তী সময়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে। এখন পর্যন্ত তার নামের পাশে রয়েছে ১৪টি টেস্ট সেঞ্চুরি। পাশাপাশি তিনটি ডাবল সেঞ্চুরি করে বাংলাদেশের হয়ে অনন্য রেকর্ড গড়েছেন তিনি। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে একাধিক ডাবল সেঞ্চুরি করার বিশ্বরেকর্ডও রয়েছে তার।
অধিনায়ক হিসেবেও বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মুশফিক। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে বাংলাদেশ জিতেছে সাতটি টেস্ট এবং ড্র করেছে নয়টি। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্ট জয় এবং পরের বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ও আসে তার নেতৃত্বে। শ্রীলঙ্কার বিপক্ষে দেশের শততম টেস্ট জয়েও অধিনায়ক ছিলেন তিনি।
লর্ডসে হাবিবুল বাশারের নেতৃত্বে শুরু হয়েছিল মুশফিকের টেস্ট যাত্রা। এরপর আরও আটজন অধিনায়কের অধীনে খেলেছেন তিনি। সবকিছু পরিকল্পনামতো এগোলে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই শেষ হবে তার দীর্ঘ টেস্ট অধ্যায়।