২৮ নভেম্বর, ২০২৬
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। তিনি বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের অগ্রগতি, ঋণ ও সরকারি অর্থব্যবস্থার সংস্কার, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বেসরকারি খাত ও পুঁজিবাজারের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর গুলশানে ক্রাউন প্লাজা হোটেলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক নীতিগত সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে রয়েছে মূল্যস্ফীতি। মূল্যস্ফীতিকে অভ্যন্তরীণ ও বাহ্যিক (আমদানিজনিত) এই দুই ভাগে ভাগে বিভক্ত। বৈশ্বিক বাজারে তেল ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সার ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আমদানিজনিত মূল্যস্ফীতির ওপর সরকারের নিয়ন্ত্রণ সীমিত। তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি কমাতে খাদ্যপণ্য ও খাদ্য উৎপাদনকারী শিল্পের কাঁচামালের ওপর শুল্ক ও কর কমানো হয়েছে। এর ফলে সার্বিক মূল্যস্ফীতি কমে মে ২০২৬-এর ৯.৪২ শতাংশ এবং আগের শাসনামলের প্রায় ৯.৭০ শতাংশের তুলনায় অক্টোবর ২০২৬-এ ৮.২৭ শতাংশে নেমে এসেছে। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ১৪.১০ শতাংশ থেকে কমে ৬.৪০ শতাংশে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতি আরও ২ থেকে ৩ পয়েন্ট কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, স্বল্প আয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় বর্তমানে ৫০ লাখ (৫ মিলিয়ন) ফ্যামিলি কার্ডধারী পরিবারকে প্রতি মাসে ২,৫০০ টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। এই কর্মসূচি পর্যায়ক্রমে আরও ২ কোটি (২০ মিলিয়ন) পরিবার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃষকদের বীজ ও সারে সহায়তা, চাল বিতরণ কর্মসূচি এবং শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল অনুমোদনের কথা উল্লেখ করেন তিনি। এ ছাড়া প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়ে সর্বজনীন স্বাস্থ্যসেবার সূচনা এবং ওষুধ শিল্পের বিকাশে সহায়তার আশ্বাস দেন অর্থমন্ত্রী।
ঋণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, অতীতের ঋণের বোঝা ও ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও প্রতিটি ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করা হচ্ছে এবং বাংলাদেশ খেলাপি হয়নি। স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থে ঋণ ব্যবস্থাপনা বিভাগকে আলাদা করা হচ্ছে, যাতে নাগরিকরা প্রকৃত তথ্য ও মাথাপিছু ঋণের হিসাব জানতে পারেন। প্রকল্প অনুমোদনে ‘ভ্যালু ফর মানি’, রিটার্ন, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশগত প্রভাব—এই চার মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে এবং শর্ত পূরণ না করায় অনেক প্রকল্প বাতিল করা হয়েছে; তবে চলমান প্রকল্পগুলোর মধ্যে বাস্তবায়ন কম এমন কিছু প্রকল্প তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।
তিনি জানান, বাণিজ্যিক ব্যাংকের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বেসরকারি খাতের জন্য ঋণপ্রবাহ সচল রাখতে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ডলার বন্ড, পান্ডা বন্ড, সামুরাই বন্ড এবং হংকং স্টক এক্সচেঞ্জে বাংলাদেশ ইকুইটি ফান্ডসহ বিকল্প অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে।
অর্থমন্ত্রী আরও জানান, কর নীতি প্রণয়ন ও কর আদায় আলাদা করার কাজ দুই-তিন মাসের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং কর-জিডিপি অনুপাতে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। পুঁজিবাজারকে স্বচ্ছ ও বাজারভিত্তিক করতে অনলাইন ও রিয়েল-টাইম কার্যক্রম এবং প্রক্রিয়া সহজীকরণের কাজ চলছে। ইলেকট্রনিক্স খাতে কর ছাড়ের ফলে ১৬টি প্রতিষ্ঠান উৎপাদনে গেছে এবং নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি নিজস্ব সম্পদ হিসেবে কয়লা ও বড় অবকাঠামো ও পিপিপি খাতে বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানানো হয়েছে।
সেমিনারে অর্থনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।