২৯ নভেম্বর, ২০২৬
যশোরের দুঃখ হিসেবে পরিচিত ভবদহ এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন সরকারের চার মন্ত্রী-প্রতিমন্ত্রী। গতকাল বিকালে অভয়নগর উপজেলায় অবস্থিত ২১ ভেন্ট স্লুইস গেট পরিদর্শন করেন তারা। স্লুইস গেটের বর্তমান পরিস্থিতি দেখার পর স্থানীয় ভবদহ কলেজ মাঠে স্থানীয়দের উদ্দেশ্যে বক্তৃতা করেন চার মন্ত্রী প্রতিমন্ত্রী। তারা ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।
এ সময় বক্তৃতা করেন কৃষি, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গণি। বক্তৃতায় তারা ভবদহ জলাবদ্ধতা সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিকতার কথা তুলে ধরেন।
গত সতের বছরে একদল চুরি করে খেয়েছে দাবি করে কৃষি মন্ত্রণালয় এবং মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সুধী সমাবেশে বলেন, ‘বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল, গরিবের দল, কৃষক শ্রমিকের দল। এই ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে বিএনপি সরকারের আমলেই। মন্ত্রী বলেন, যশোর এলাকার ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি আগামী এক থেকে দুই বছরের মধ্যে এলাকার অধিকাংশ জমি যেন পুনরায় চাষাবাদের আওতায় আনা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে।
আওয়ামী লীগ গুম খুনের সঙ্গে থাকলেও জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না মন্তব্য করে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘গত ১৭ বছর জলবদ্ধতার দাবি করেও জনগণের দুঃখ দুর্দশা থেকে মুক্তি দিতে পারেনি আওয়ামী লীগ। তারা ব্যক্তি স্বার্থে রাজনীতি করেছে। তারা গুম খুনের সঙ্গে থাকলেও জনগণের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল না। ভবদহ অঞ্চলের চলমান প্রকল্প শেষ হলে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ মিলবে বলে আশাবাদ ব্যক্ত করে পানিসম্পদমন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসনে চলমান ৮১ কিলোমিটারের নদী খননের প্রকল্পটি জুন মাস নাগাদ শেষ হবে।
এর আগে দুপুরে ভবদহ স্লুইস গেট পরিদর্শনকালে গেট প্রাঙ্গণে অবস্থান নেন জলমগ্ন ভবদহ এলাকার ভুক্তভোগী বাসিন্দা। এ সময় তারা ‘পানি সরাও, মানুষ বাঁচাও’, ‘অবিলম্বে টিআরএম বাস্তবায়ন চাই’, ‘সেচ প্রকল্প বাতিল চাই’, ‘নদী খনন এবং টিআরএম একই সঙ্গে করতে হবে’— এমন সব প্ল্যাকার্ড হাতে নিয়ে শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় উপস্থিত মন্ত্রী প্রতিমন্ত্রীরা ভুক্তভোগীদের কথা শুনেন। তারা প্রতিশ্রুতি দেন স্থানীয়দের মতামতের ভিত্তিতেই স্থায়ী সমাধানের।
এদিকে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোর কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত এ সভায় চার মন্ত্রী-প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। ৩০০ কোটি টাকার প্রকল্পটির আওতায় যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার ২১টি উপজেলায় জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশবান্ধব সেচব্যবস্থা সমপ্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় কেশবপুর -৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী, মণিরামপুর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, কৃষি সচিব সেলিম খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার কাজী রফিকুল ইসলাম, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।