২৯ নভেম্বর, ২০২৬
এবিজি মিডিয়া কাপ ফুটবল ঘিরে দেশের ক্রীড়াপ্রেমী ও গণমাধ্যমকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির এই মিডিয়া ফুটবল টুর্নামেন্টে ফাইনালের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য ঘোষণা করা হয়েছে যথাক্রমে ৫০ লাখ ও ২৫ লাখ টাকা। অর্থাৎ শিরোপা নির্ধারণী ম্যাচের প্রাইজমানি ৭৫ লাখ টাকা।
৪৮টি মিডিয়া হাউসের অংশগ্রহণে আগামী ১ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে এবিজি মিডিয়া কাপ ফুটবল। টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত ম্যাচ ফি ও পুরস্কার বাবদ বরাদ্দের অঙ্ক ছাড়িয়ে গেছে অনেকের কল্পনাকে। ফাইনালের আগে অনুষ্ঠিত হবে ১৩৪টি ম্যাচ। এসব ম্যাচের ম্যাচ ফি বাবদই বরাদ্দ রাখা হয়েছে ৬০ লাখ টাকা।
তবে আসরের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা বাকি থাকায় দর্শক, খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীদের কৌতূহল ছিল তুঙ্গে। অবশেষে শনিবার (২৮ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সেই অপেক্ষার অবসান ঘটান আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি ঘোষণা করেন, ফাইনালের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ২৫ লাখ টাকা। দেশের মিডিয়া ফুটবলের ইতিহাসে এমন বড় অঙ্কের পুরস্কার ঘোষণার পর অনুষ্ঠানস্থলে উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে।
উপস্থিত ৪৮টি মিডিয়া হাউসের অধিনায়ক, প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দের আবহ। যারা প্রতিনিয়ত সংবাদ ও ঘটনার পেছনে ছুটে চলেন, এবার তারাই ফুটবল পায়ে মাঠ মাতানোর সুযোগ পাচ্ছেন। গণমাধ্যমকর্মীদের এই উৎসবকে আরো স্মরণীয় করে তুলতে অনুষ্ঠানে উন্মোচন করা হয় এবিজি মিডিয়া কাপ ফুটবলের ট্রফি।
পুরস্কার ঘোষণা করতে গিয়ে এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর বলেন, “আমার বাবা (আহমেদ আকবর সোবহান) বলেছেন, পুরস্কার দেওয়াতে যাতে কোনো কিপ্টেমি না করি। যারা চ্যাম্পিয়ন হবে, তাদেরটা পরে বলি। যারা রানার্সআপ হবে, তাদের জন্য আমি ২৫ লাখ টাকা ঘোষণা করলাম। অবশ্যই চ্যাম্পিয়ন ইজ আ চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন দলের জন্য আমার বাবার পক্ষ থেকে থাকছে ৫০ লাখ টাকা।”
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমন ব্যতিক্রমী ও আলোচিত আয়োজন নিয়মিত করার পরিকল্পনার কথাও জানান তিনি। এ প্রসঙ্গে সায়েম সোবহান আনভীর বলেন, “আমরা চাই, এই ম্যাচগুলো হোক নতুন কিছুর শুরু। পরের আসর থেকে যেন আরো বড় পরিসরে আয়োজন করতে পারি।”
টুর্নামেন্টের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন এবিজি স্পোর্টস সিটির ডিরেক্টর মো. ইমরুল হাসান। তিনি বলেন, “আজকের এই আয়োজন আমাদের জন্য নিছক একটি জার্সি ও ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা নয়। বরং একটি স্বপ্নের দৃশ্যমান রূপ, একটি নতুন যাত্রার সূচনা এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন এক সংযোগের প্রয়াস। আমাদের এবিজি মিডিয়া কাপের মূল দর্শন অত্যন্ত সহজ। কর্মক্ষেত্রের ব্যস্ততা ও প্রতিযোগিতার বাইরে মানুষে মানুষে সম্পর্কের একটি আনন্দময় সেতুবন্ধন তৈরি করা।”
টুর্নামেন্টের পরিকল্পনা ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে ইমরুল হাসান আরো বলেন, “আমরা বিশ্বাস করি, যারা প্রতিনিয়ত সমাজকে সচেতন রাখেন, মানুষের আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা তুলে ধরেন, তাদের নিজেদের মধ্যেও আনন্দ, বিনোদন ও পারস্পরিক সৌহার্দ্যের একটি পরিসর থাকা প্রয়োজন। সেই ভাবনা থেকেই এবিজি মিডিয়া কাপের উদ্যোগ।”
এবারের আসরে অংশ নিচ্ছে ৪৮টি দল। দলগুলোকে ভাগ করা হয়েছে আটটি গ্রুপে। প্রতিটি গ্রুপে রয়েছে ছয়টি করে দল। ড্রয়ের মাধ্যমে গ্রুপ বিন্যাস চূড়ান্ত হওয়ার পাশাপাশি নির্ধারণ করা হয়েছে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ ফিকশ্চার। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল পরবর্তী পর্বে উত্তীর্ণ হবে।
গ্রুপ পর্বের ১২০টি ম্যাচের প্রতিটিতে বিজয়ী দল পাবে ২৫ হাজার টাকা। পরাজিত দলের জন্যও রয়েছে ১০ হাজার টাকা। দ্বিতীয় পর্বের আটটি ম্যাচে বিজয়ী ও পরাজিত দল পাবে যথাক্রমে ৩৫ হাজার ও ১৫ হাজার টাকা। চারটি কোয়ার্টার ফাইনালের প্রতিটিতে বিজয়ী দলের জন্য বরাদ্দ রয়েছে এক লাখ টাকা। বিদায় নেওয়া দলগুলো পাবে ৫০ হাজার টাকা করে।
সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে ফাইনালে উত্তীর্ণ দুই দল পাবে আড়াই লাখ টাকা করে। শেষ চার থেকে বিদায় নেওয়া দুই দলও পাবে দেড় লাখ টাকা করে। সবশেষে ফাইনালের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য থাকছে যথাক্রমে ৫০ লাখ ও ২৫ লাখ টাকার পুরস্কার।
আগামী ১৭ ডিসেম্বর কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে এবিজি মিডিয়া কাপ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচ। ফাইনালের উত্তেজনা বাড়াতে সেলিব্রেটিদের অংশগ্রহণে আয়োজন করা হবে বিশেষ ফুটবল ম্যাচ। দুটি প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হবেন বাংলাদেশের পুরুষ ও নারী সেলিব্রেটিরা।
রাফসান শাবাব ও আয়শা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লেখযোগ্যসংখ্যক তারকা। তাদের মধ্যে ছিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ, চিত্রনায়ক নিরব হোসেন, চিত্রনায়ক জিয়াউল রোশান, অভিনেতা আরশ খান, ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা চাষী আলম, শিমুল, মুসাফির সাঈদ বাচ্চু, সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মী ইসলাম নীলা, অভিনেত্রী সামান্থা পারভেজ, অনিন্দিতা মিমি এবং মাফতুয়া জান্নাত জিম।
টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবেও থাকছে আকর্ষণীয় পুরস্কার। আসরের সেরা খেলোয়াড় পাবেন দুই লাখ টাকা। সেরা সেটপিস, গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভস, এই চারটি পুরস্কারের প্রতিটির অর্থমূল্য ২৫ হাজার টাকা। পরিচ্ছন্ন ও ক্রীড়াসুলভ ফুটবল চর্চায় উৎসাহ দিতে ফেয়ার প্লে অ্যাওয়ার্ডের জন্য বরাদ্দ রয়েছে ৫০ হাজার টাকা।
শুধু মাঠের লড়াই নয়, এবিজি মিডিয়া কাপ ফুটবল ঘিরে গণমাধ্যমকর্মীদের সৃজনশীল কাজের স্বীকৃতিরও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। টেলিভিশন, পত্রিকা, ওয়েব ও মাল্টিমিডিয়া, এই চারটি বিভাগে সেরা রিপোর্ট ও কনটেন্টের প্রতিটির জন্য পুরস্কার হিসেবে দেওয়া হবে দুই লাখ টাকা।
এ ছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে সর্বাধিক দেখা কনটেন্টের প্রতিটির জন্য থাকছে এক লাখ টাকা করে পুরস্কার। এসব কনটেন্টে নির্ধারিত হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। প্রকাশিত আলোকচিত্রের মধ্য থেকে সেরা ছবির জন্য নির্বাচিত আলোকচিত্রী পাবেন এক লাখ টাকা।
রিপোর্ট, কনটেন্ট ও আলোকচিত্রের পুরস্কারের জন্য প্রতিযোগীদের নিজেদের সেরা কাজের লিংক আয়োজকদের কাছে পাঠাতে হবে। আয়োজক কমিটির গঠিত জুরি বোর্ড নিরপেক্ষ বিচার-বিশ্লেষণের মাধ্যমে সেরা রিপোর্ট, কনটেন্ট ও আলোকচিত্র নির্বাচন করবে।