২৯ নভেম্বর, ২০২৬
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পতিত সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন নামে বাহিনী তৈরি করেছিল, তবে শেষ রক্ষা হয়নি। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েই ২৪’র আন্দোলনের মাধ্যমে ক্ষমতা ছেড়ে দিয়ে, তাদের দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। তাই জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ ডিসেম্বরের গাইবান্ধা সফর উপলক্ষে গতকাল শনিবার (২৮ নভেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। সেই উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য উসকানি দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশের মানুষ সব সময় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এদেশের মানুষ একটা সময় ধৈর্য ধরে অপেক্ষা করে। তারপরে যখন দেখে অসহনীয়, তখন তারা চুরমার করে দেন। গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয়, বাংলাদেশের মানুষ জানে, তার প্রমাণ ৯০ ও ২৪’র আন্দোলন।
জাহিদ হোসেন আরও বলেন, দেশের বাইরে থেকে হুমকিধমকি দিয়ে লাভ হবে না। দেশের আসার ইচ্ছা থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে হবে। দেশে আইন আদালতকে মোকাবিলা করতে হবে। এদেশের মানুষ কারও হুমকি ধামকিতে ভয় পায় না।
এ সময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংরক্ষিত মহিলা আসনের এমপি মমতাজ আলো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, রংপুর বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মাইনুল হাসান সাদিকসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।