☰
✕

দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বেরোবি শিবিরের বিক্ষোভ

২৯ নভেম্বর, ২০২৬

দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রশিবির।

শনিবার (২৮ নভেম্বর) সকালে আয়োজিত এ মিছিল থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় পতিত স্বৈরাচারকে আর ফিরে আসতে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিব মুরাদ। শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের কৃষ্ণসড়ক ঘুরে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। মিছিল থেকে ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’, ‘একটা একটা লীগ ধর, ধরা ধরা জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

মিছিলে ছাত্রশিবিরের শাখা সাধারণ সম্পাদক ইমরান বলেন, “ভারতীয় আধিপত্যবাদকে বলতে চাই, ভারত যদি বাংলাদেশকে নিয়ে নোংরা খেলা করতে চায়, বাংলাদেশের জনগণ এটা কোনোভাবেই মেনে নেবে না। বাংলাদেশের জনগণ জুলাইয়ে যেভাবে ঐক্যবদ্ধ ছিল, আগামীতে যদি দরকার হয়, বাংলাদেশের জনগণ এবং ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের যেকোনো নৈরাজ্য রুখে দেবে।”

তিনি আরো বলেন, “ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগকে বলতে চাই, আপনারা যেভাবে আগে চুপচাপ থাকেন, সেভাবেই থাকুন। যদি আপনারা নৈরাজ্য সৃষ্টি করতে চান, তাহলে এর ফলাফল কোনোভাবেই ভালো হবে না। তাই সারাদেশের ছাত্রসমাজ এবং অন্যান্য সংগঠনকে বলতে চাই, আপনারা আসুন, আমরা একসঙ্গে মাঠে থাকি। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে রুখে দিতে আমরা সব সময় ঐক্যবদ্ধ থাকব।”

এ সময় তিনি সরকারি দলের উদ্দেশে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, জুলাই সনদ মেনে নিন, গণরায় বাস্তবায়ন করুন। না হলে আপনারা এই ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।”

শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিব মুরাদ বলেন, “ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। আমরা দেখেছি, এই আওয়ামী লীগ ১৭ বছর ক্ষমতায় থেকে এ দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। তারা গুম, খুন ও হত্যার রাজনীতি শুরু করে দিয়েছিল। সেই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আবারো দেশে নৈরাজ্য তৈরি করে দেশকে বিভাজনের রাজনীতিতে ঠেলে দিতে চায়। আমরা সেই জায়গায় স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আবারো জুলাইয়ের মতো জীবন দেব। আমাদের জীবনের সর্বশেষ রক্তবিন্দু হলেও সেই পতিত স্বৈরাচারকে আর আমরা ফিরে আসতে দেব না।”

“এই খুনি হাসিনা জুলাই-আগস্টে আমাদের দুই হাজারের বেশি ভাইকে শহীদ করেছে। তারা হাজার হাজার মানুষকে আহত করেছে, শিশুদের শহীদ করেছে। সেই খুনি হাসিনাকে আর দেশে ফিরে আসতে দেওয়া হবে না।” এছাড়া তিনি বলেন, “স্পষ্ট ভাষায় বলতে চাই, গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। ৭০ শতাংশ জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে। সেই গণভোটের রায় মেনে নিন, জাতীয় জুলাই সনদ মেনে নিন। তাহলে এই আওয়ামী রাজত্বকে রুখে দিতে আমরা সক্ষম হব, ইনশা আল্লাহ”, যোগ করেনি তিনি।