☰
✕

অবসরের পর শিক্ষার্থীদের সঙ্গে ব্যাট হাতে কুক

২৯ নভেম্বর, ২০২৬

ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক দুবাইয়ে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নেমেছিলেন। সেখানে তিনি খুদে ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং আমিরাতের ক্রীড়া অবকাঠামো ও ক্রিকেটের বিকাশের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেন।

‘কুইন এলিজাবেথস গ্লোবাল স্কুলস’-এর দুবাই স্পোর্টস সিটি ক্যাম্পাসে আয়োজিত ‘গ্লোবাল স্কুলস স্পিকার সিরিজ’-এর প্রথম অতিথি ছিলেন কুক। নেতৃত্ব, সহনশীলতা এবং ক্রীড়াক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের ওপর আয়োজিত এই অনুষ্ঠানে ২৫০ জনেরও বেশি শিক্ষার্থী, অভিভাবক ও কর্মী উপস্থিত ছিলেন।

ইংল্যান্ডের এই সাবেক ওপেনার ‘কুইন এলিজাবেথস গ্লোবাল স্কুলস’-এর সিইও ক্যারোলিন পেন্ডলটন-ন্যাশের সঞ্চালনায় একটি ঘরোয়া আলোচনায় অংশ নেন। এরপর তিনি মাঠে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। তিনি ক্রিকেট শিক্ষার্থীদের ব্যাটিং অনুশীলনে সহায়তা করেন এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও অন্যান্য ক্রীড়া শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে তাদের প্রয়োজনীয় পরামর্শ দেন।তিনি তাদের খেলার আনন্দ উপভোগ করার পাশাপাশি নিজেদের দক্ষতা উন্নয়নের জন্য উৎসাহিত করেন।

স্কুলের সুযোগ-সুবিধা এবং এই প্রকল্পের পেছনের দূরদর্শী পরিকল্পনা দেখে মুগ্ধ হন কুক। তিনি বলেন, একটি প্রতিষ্ঠানকে এভাবে প্রাণবন্ত হয়ে উঠতে দেখাটা অত্যন্ত তৃপ্তিদায়ক। যখন কোনো প্রকল্প বাস্তবে রূপ নেয়, তখন তা দারুণ লাগে। চারপাশের পরিবেশ দেখুন শিক্ষার্থীদের জন্য এটি চমৎকার একটি জায়গা। এখানে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে,’ গালফ নিউজকে বলেন কুক।

৪১ বছর বয়সী কুক ইংল্যান্ডের হয়ে ১৬১টি টেস্ট ম্যাচে ১২,৪৭২ রান করেছেন। তিনি বলেন, স্কুলগুলোর উচিত শিশুদের তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশের সুযোগ করে দেওয়া। তিনি বলেন, আমি আমার স্কুলজীবনে ভাগ্যবান ছিলাম যে এমন সুযোগ পেয়েছিলাম। জীবন মানেই তো এটি, শিশুদের তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া এবং তাদের অনেক কিছু শেখানো। কুক ‘কুইন এলিজাবেথস গ্লোবাল স্কুলস’-এর ভারত সম্প্রসারণ নিয়েও কথা বলেন।

দুবাই স্পোর্টস সিটি ক্যাম্পাসের পাশাপাশি আগস্ট মাসে ভারতের গুরুগ্রামে তাদের আরেকটি ক্যাম্পাস চালু হয়েছে। ভারতের এই উদ্যোগ নিয়ে প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শিশুদের শেখার ও বিকাশের জন্য সঠিক পরিবেশ প্রদান করাই হওয়া উচিত মূল অগ্রাধিকার। আমার মনে হয় বিষয়টি একই, তাই না? এটি এমন একটি সুযোগ ও পরিবেশ তৈরি করা, যা থেকে শিশুরা উপকৃত হতে পারে। আমি আমার স্কুলজীবনের ক্ষেত্রে অত্যন্ত ভাগ্যবান, আমি এমন সুযোগ পেয়েছিলাম। জীবনের মূল উদ্দেশ্যই হলো শিশুদের তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া এবং তাদের অনেক কিছু শেখানো।

কুক ২০০৪ সালে ‘ইংল্যান্ড লায়ন্স একাডেমি’র হয়ে প্রথমবার সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এসেছিলেন। সেই সময়ের তুলনায় দেশটি কতটা বদলে গেছে, তা নিয়েও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, খেলাধুলার জন্য এটি একটি চমৎকার জায়গা। প্রায় ২০ বছর আগের অবস্থার সাথে বর্তমানের পরিবর্তনটি অবিশ্বাস্য। আগামী ২০ বছরে এখানে আরও কী কী পরিবর্তন আসবে, তা কল্পনা করাও কঠিন; কারণ এই জায়গাটি অত্যন্ত দ্রুতগতিতে বিকশিত হচ্ছে।

তিনি বিশ্বাস করেন, আগামী কয়েক দশকে আন্তর্জাতিক অঙ্গনে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট অনেক শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারে। সাবেক এই ইংলিশ অধিনায়ক কুক বলেন, আমার মনে হয়, বিশ্বমঞ্চে আপনারা সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটের বড় ধরনের উন্নতি দেখতে পাবেন। বর্তমানে তারা যে অবস্থানে আছে, সেখান থেকে আগামী ২০ বছরে তাদের প্রভাব অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।

‘কুইন এলিজাবেথ গ্লোবাল স্কুলস’ সম্প্রতি ‘ডেজার্ট ভাইপার্স’-এর সাথে অংশীদারিত্ব করেছে এবং এই ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল ‘জুনিয়র ক্রিকেট পার্টনার’ হয়েছে। তৃতীয় বর্ষ থেকে শুরু করে পরবর্তী বর্ষের শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ জুড়ে ৪৫ ঘণ্টার বিশেষ প্রশিক্ষণ পাবে। এছাড়া, তারা বিভিন্ন খেলোয়াড় ও অ্যাম্বাসেডরদের কাছ থেকে শেখার সুযোগও পাবে।

‘স্পিকার সিরিজ’ হলো এই গ্রুপের একটি বিশেষ উদ্যোগ, যার লক্ষ্য হলো বিভিন্ন ক্ষেত্রের সফল ব্যক্তিদের স্কুলে নিয়ে আসা, যাতে তারা শিক্ষার্থীদের সাথে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও উচ্চাকাঙ্ক্ষা বিকাশে সহায়তা করতে পারেন।

কুক আশা প্রকাশ করেন, তার এই সফর শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে; বিশেষ করে তার কর্মজীবন এবং ইংল্যান্ড দলের অধিনায়ক হিসেবে তিনি যে শিক্ষাগুলো পেয়েছেন, তা শিক্ষার্থীদের কাজে আসবে।