☰
✕

শীতের শুরুতেই নওগাঁর জবই বিলে অতিথি পাখির আগমন

২৯ নভেম্বর, ২০২৬

 

শীতের শুরুতেই দেশি-বিদেশি নানা প্রজাতির পাখির কলকাকুলিতে মুখরিত হয়ে উঠেছে নওগাঁর সাপাহার উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী জবই বিল। গত বছরের তুলনায় এ বছর বিলে অতিথি পাখির আগমন ও বিচরণ অনেকাংশেই বেশি দেখা যাচ্ছে বলে স্থানীয় পরিবেশ কর্মী ও পাখি প্রেমিকরা জানিয়েছেন। এখন থেকেই বিলে বিশেষ করে বিভিন্ন প্রজাতির হাঁস, সরালি, পাতি হাঁস ও অন্যান্য জলচর পাখির উপস্থিতিতে বিল জুড়ে সৃষ্টি হয়েছে এক মনোরম প্রাকৃতিক দৃশ্য।

জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার গত ২০২৫ সালের জরিপ অনুযায়ী, বিলে ২৬ প্রজাতির পরিযায়ী পাখি সহ মোট ৪৪ প্রজাতির পাখির আগমন ঘটেছিল। চলতি বছরে গত বছরের তুলনায় আরো বেশি সংখ্যক  বিভিন্ন প্রজাতির পাখির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় পরিবেশ কর্মী জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা শিক্ষক সোহানুর রহমান সবুজ বলেন, গত বছরের চেয়ে এবারে বিলে হাঁস প্রজাতির পাখির সংখ্যা বেড়েছে। পাখি সংরক্ষণ ও নিধন ঠেকাতে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা এবং সাপাহার উপজেলা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় বিলে পাখি সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা একযোগে কাজ করে যাচ্ছি। 

পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যান্ত জরুরী এবং পাখি শিকার বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে বলে উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ মনে করেন।

বিলে প্রাকৃতিক সৌন্দর্য ও পাখির বৈচিত্র উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে পাখি প্রেমিক প্রাকৃতিক কর্মী ও আলোক চিত্রিদের আগমন প্রত্যাশা করছেন স্থানীয় পরিবেশ কর্মীরা। তারা পাখির নিরাপদ বিচরণ ক্ষেত্র হিসেবে জবই বিলের জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় প্রশাসন, পরিবেশ কর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

পাখি প্রেমীদের প্রতি আহব্বানে তারা বলেন, পাখি দেখুন ছবি তুলুন পাখি শিকার থেকে বিরত থাকুন।