২৯ নভেম্বর, ২০২৬
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবদল। রবিবার (২৯ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতা-কর্মীরা।
পরে টাউন হলের উন্মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা বিএনপির নেতা লিটন পারভেজ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কামাল আনোয়ার আহমেদ, ডা. লোহানী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর দীপক, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু এবং মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনসহ অন্য নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা শহীদ আবু সাঈদসহ প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করেছেন। তারা গণতন্ত্র ধ্বংস করে দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন এবং দেশের স্বাধীনতা ও অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছিলেন।
বক্তারা আরও বলেন, বিদেশে বসে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশকে উত্তপ্ত করার চেষ্টা করছেন, যা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। যুবদল অতীতেও রাজপথে থেকে নাশকতার বিরুদ্ধে লড়াই করেছে। ভবিষ্যতেও গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাবে।