২৯ নভেম্বর, ২০২৬
গাজীপুরের কালিয়াকৈরে চালু করার সময় একটি প্রাইভেট কারের পেছনের অংশে আগুন ধরে যায়। এতে গাড়িটির পেছনের অংশ পুড়ে গেছে।
রবিবার সকালে উপজেলার হাইটেক সিটির দ্বিতীয় গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাকিষবাতান এলাকা থেকে ওয়ালটনের এক কর্মকর্তাকে কারখানায় নামিয়ে দিয়ে গাড়িটি হাইটেক সিটির দ্বিতীয় গেটের সামনে পার্ক করেন চালক। পরে সড়কের বিপরীত পাশের একটি দোকানে চা পান শেষে গাড়িতে ফিরে সেটি চালু করার চেষ্টা করেন তিনি। এ সময় হঠাৎ গাড়ির পেছনের অংশে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে গাড়িটির পেছনের অংশ পুড়ে যায়।
পুলিশ জানায়, গ্যাসের পাইপলাইনে ছিদ্র অথবা গাড়ির বৈদ্যুতিক তারের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।