২৯ নভেম্বর, ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ১৪ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি প্রাচীন অষ্টধাতুর মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৮ নভেম্বর রাত ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার আটাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের ২৮৪/৯-এস নম্বর মেইন পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছোট যমুনা নদীর পাড়ে বেইলি ব্রিজসংলগ্ন স্থান থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, নির্ভরযোগ্য স্থানীয় সূত্রের মাধ্যমে সীমান্তের কাছাকাছি এলাকায় একটি প্রাচীন অষ্টধাতুর মূর্তি লুকিয়ে রাখার তথ্য পাওয়া যায়। পরে তথ্যের সত্যতা যাচাই করে বিজিবির দুটি টহলদল সেখানে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে ছোট যমুনা নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।
মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের কাছাকাছি এনে লুকিয়ে রাখা হয়েছিল। অভিযান পরিচালনার ফলে পাচারের চেষ্টা ব্যর্থ হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা মূর্তিটিতে রাধা-কৃষ্ণ ও গরুর প্রতিকৃতি রয়েছে। এর মোট ওজন ১৪ কেজি ৯০০ গ্রাম। হলমার্ক ল্যাবের পরীক্ষার প্রতিবেদন সাপেক্ষে মূর্তিটির আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯ লাখ ৩৩ হাজার ২৫০ টাকা।
স্থানীয় সূত্র এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য বা চেয়ারম্যানের উপস্থিতিতে মূর্তিটি শনাক্ত করা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা উদ্ধার কার্যক্রম প্রত্যক্ষ করেন।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) আরও জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এসব অপরাধ প্রতিরোধে সীমান্ত এলাকার স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছে বিজিবি।