☰
✕

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, আসাবুর বাহিনীর প্রধান আটক

২৯ নভেম্বর, ২০২৬

সুন্দরবনে পৃথক অভিযান চালিয়ে কুখ্যাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে (৪৫) আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। অভিযানে দুটি দেশীয় ওয়ান শুটার গান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। একই দিনে সন্দেহজনক একটি নৌকা থেকে ডাকাতদের রসদও জব্দ করা হয়েছে। পত্রিকাপড়ুন

রোববার (২৯ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের দস্যুতা দমনে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ নভেম্বর শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের সদস্যরা। এ সময় একটি কাঠের নৌকাসহ জিম্মি থাকা এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা সুন্দরবনের গভীরে পালিয়ে যায়।

পরে ২৯ নভেম্বর মধ্যরাতে খুলনার দাকোপ থানার মল্লিকবাড়ি এলাকা থেকে পালানোর চেষ্টাকালে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটার গান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।A

কোস্ট গার্ড সূত্র জানায়, ২০২৪ সালের ১২ নভেম্বরও আসাবুর সানাকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও সুন্দরবনে দস্যুতায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

আটক আসাবুর সানা দাকোপ থানার বাসিন্দা। তাঁকে, জব্দ করা নৌকা এবং উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা জেলেকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, সরকারের নির্দেশনা, জনসাধারণের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।