২৯ নভেম্বর, ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি ঢাকার এমটিবি টাওয়ারে প্রথমবারের মতো ‘সাসটেইনেবিলিটি ডে ২০২৬’ উদযাপন করেছে। টেকসই ব্যাংকিং, সবুজ অর্থায়ন ও জলবায়ু অর্থায়নের গুরুত্ব তুলে ধরতে দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন আলোচনা, প্রশিক্ষণ ও সচেতনতামূলক অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার (জিসিআরও) উসমান রাশেদ মুঈন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক এ কে এম নুরুননবী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (সিথ্রিইআর) উপদেষ্টা ও ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত।
দিনের প্রথম পর্বে এমটিবির কর্মকর্তাদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টেকসই অর্থায়নবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিম, পরিবেশগত ও সামাজিক ঝুঁকি যাচাই (ইএসডিডি), বৈশ্বিক জলবায়ু অর্থায়ন এবং লোকালি লেড অ্যাডাপটেশন (এলএলএ) ফ্রেমওয়ার্কের ওপর আলোচনা করা হয়। পাশাপাশি পার্টনারশিপ ফর কার্বন অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়ালস (পিসিএএফ) ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের বিষয়েও আলোকপাত করা হয়।
এমটিবির সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ, ডেলয়েট এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিথ্রিইআর-এর বিশেষজ্ঞরা এসব অধিবেশন পরিচালনা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সৈয়দ মাহবুবুর রহমান এমটিবির টেকসই উন্নয়নবিষয়ক লক্ষ্য, পরিকল্পনা ও কৌশলগত দিকনির্দেশনা তুলে ধরেন। এ কে এম নুরুননবী দেশের ব্যাংকিং খাতের টেকসই অর্থায়ন কার্যক্রম ও ভবিষ্যৎ অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করেন। অন্যদিকে, ড. আইনুন নিশাত জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং জলবায়ু-সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে অভিযোজনমূলক প্রকল্পে ব্যাংকগুলোর অর্থায়নের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে এমটিবির হেড অব সাসটেইনেবিলিটি তাহমিনা জামান খান ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের অগ্রযাত্রা, অর্জন ও বিভিন্ন উদ্যোগের ওপর একটি ভিডিও উপস্থাপন করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এমটিবি–সুইডফান্ড পার্টনারশিপের আনুষ্ঠানিক উদ্বোধন। এ অংশীদারিত্বের লক্ষ্য হলো পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) চর্চা আরও শক্তিশালী করা এবং দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমকে উৎসাহিত করা। অনুষ্ঠানে সুইডফান্ডের সিনিয়র ইএসজি ম্যানেজার ফেলিক্স ওকবর্ন অংশীদারত্বের লক্ষ্য ও টেকসই উন্নয়নে এর সম্ভাব্য অবদান সম্পর্কে তার মতামত তুলে ধরেন।
এ ছাড়া টেকসই অর্থায়ন এবং বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এমটিবির রিলেশনশিপ ম্যানেজার, বিভিন্ন শাখা ও বিভাগের কর্মকর্তাদের নয়টি পৃথক ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এমটিবির ১২তম সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ করা হয়। পরিবেশগত, সামাজিক ও সুশাসনবিষয়ক কার্যক্রমের তথ্য প্রকাশ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে ব্যাংকটির ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে এ প্রতিবেদনে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার উসমান রাশেদ মুঈন উপস্থিত বিশেষ অতিথি, উন্নয়ন সহযোগী, আলোচক ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সহযোগিতা ও অবদানের জন্য ধন্যবাদ জানান।