জলবায়ু সম্মেলনে দুপুরে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৩ নভেম্বর, ২০২৪

কনফারেন্স অব দ্য পার্টিস-২৯ (কপ২৯)-এর ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, "ড. মুহাম্মদ ইউনূস বুধবার, বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত কপ২৯-এ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন।"

আজারবাইজানের রাজধানী বাকুতে মঙ্গলবার (১১ নভেম্বর) কপ২৯ সম্মেলন শুরু হয়েছে। ড. ইউনূস বর্তমানে বাকুতে রয়েছেন এবং সম্মেলনে অংশ নিতে তিনি চার দিনের সফরে গেছেন। সম্মেলনটি ২২ নভেম্বর শেষ হবে।

প্রেস উইংয়ের পাঠানো বার্তায় জানানো হয়, প্রধান উপদেষ্টা কপ২৯-এ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তুর্কি ফার্স্ট লেডি হাম্মা এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রেসিডেন্ট এরদোয়ান ড. ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশকে আরও সমৃদ্ধ এবং সংস্কারমুখী দেশ হিসেবে গড়ে তোলার জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এর পাল্টা হিসেবে ড. ইউনূস তুরস্কের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।