গভীর রাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আগুন

১৩ নভেম্বর, ২০২৪

রাজধানীর কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানের কাজে অংশ নিয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কল্যাণপুর শাখার একটি গোডাউনে আগুন লাগে।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, রাতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এসে দেখে আগুন দাউদাউ করে জ্বলছে। পাশেই একটি বহুতল ভবন ও পাম্প থাকায় আগুন যাতে সেগুলোতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য আপ্রাণ চেষ্টা করে ফায়ার সার্ভিস। পানি সংকটের কারণে পরে মিরপুর ফায়ার স্টেশন থেকে আরও একটি ইউনিট পানি নিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়।

এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন তাও নিরুপন করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা জানান, আগুনে গ্রাহকদের পার্সেল ও ডকুমেন্টসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে গেছে। কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন কুরিয়ার সার্ভিসটির কর্মকর্তা-কর্মচারীরা।

আগুনে পুরো গোডাউনের মালামালের কোনোটি পুড়ে গেছে, আবার কোনোটি পানিতে নষ্ট হয়ে গেছে। পুড়ে যাওয়া মালামালের উৎকট গন্ধ ছড়িয়েছে চারপাশে।