চার উপদেষ্টার আশ্বাসে হাসপাতালে ফিরে গেলেন আহতরা

১৪ নভেম্বর, ২০২৪

সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে সড়কে অবস্থান করা ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতরা হাসপাতালে ফিরে গেছেন। চার উপদেষ্টা ভুল স্বীকার করে রূপরেখা বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় পর গভীর রাতে হাসপাতালে ফিরে যান তারা।

বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনে আন্দোলনরতদের সঙ্গে দেখা করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উপদেষ্টা মাহফুজ আলম।

চার উপদেষ্টা ভুল স্বীকার করে নিজেদের ঘাড়ে দায় নিয়ে রূপরেখা বাস্তবায়নের আশ্বাস দেন। বৃহস্পতিবার দুপুরে তারা সচিবালয়ে বৈঠকে বসবেন বলে জানান।

উপদেষ্টাদের আশ্বাস পেয়ে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা।

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ডিসেম্বরের মধ্যে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত সবার সুচিকিৎসা-পুনর্বাসন নিশ্চিত করা।
আসিফ নজরুল বলেন, আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে। আপনাদের প্রতি আমাদের অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল, কিন্তু আমরা কাজটি করতে পারিনি। আগামী ২টায় আসেন, আমরা একটা কমপ্লিট রূপরেখা দেব। একটা লিখিত দেব।