রাজশাহীতে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪ নভেম্বর, ২০২৪

স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমা ডিগ্রিধারীদের ১০ম গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ কালে তারা ৬ দফা দাবি অন্তর্বতী সরকারের কাছে তুলে ধরেন। এসব দাবি না মানা কঠোর কর্মসূচি দেওয়ার হুসিয়ারি দেন তারা।

এর আগে শিক্ষার্থীরা রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি (আইএইচটি) হতে বিক্ষোভ মিছিল বের করে হেঁটে সাহেববাজার জিরো পয়েন্টে এসে মিলিত হয়ে রাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এছাড়াও তারা সড়কে শুয়ে প্রতীকী লাশের উপর লাল সবুজের পতাকা বুকের উপর বিছিয়ে দিয়ে দাবি আদায়ের শ্লোগান দেন। আর রাস্তা অবরোধ করে বিক্ষোভের কাণে নগরীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যানজট শহরের অলিগলি ছড়িয়ে পড়ে। বাড়ে ভোগান্তি।

এদিকে, বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলনরত শিক্ষার্থী আবু সাঈদ বলেন, আমাদের ৬ দফা দাবি দীর্ঘদিন থেকে জানিয়ে আসলেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। তৎকালীন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার কোনপ্রকার কর্ণপাত করেনি।

তিনি আরো বলেন, দাবি বাস্তবায়নের আশ্বাস না পাওয়া গেলে সারাদেশের শিক্ষার্থীদের সাথে নিয়ে একযোগে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে অচল করা হবে বলে হুসিয়ারি উচ্চারণ করেন তিনি।

শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলো হচ্ছে- স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপে¬ামা ডিগ্রিধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণীর পদ মর্যাদা) প্রদান করে দ্রুত বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুপাতিক হারে পদ সৃজনপূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করা, অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করা, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৯ম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকুরীজীবিদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগবিধিতে অন্তর্ভূক্ত করা, ঢাকা আইএইচটি-কে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সকল আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করা, মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করা, বি ফার্মসহ সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং জ্বলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা চালুর ব্যবস্থা নেওয়া।