১৫ নভেম্বর, ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যানবাহন নিয়ন্ত্রণের জন্য ক্যাম্পাসের ছয়টি প্রবেশমুখে ব্যারিয়ার বসানোর কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পলাশী মোড় সংলগ্ন প্রবেশমুখে এই ব্যারিয়ার নির্মাণের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ও প্রকৌশল দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ঢাকা মেইলকে জানান, ক্যাম্পাসে অতিরিক্ত যানবাহন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই মূলত ভারী যানবাহন যেমন বাস ও ট্রাক, সেগুলো আটকে রাখতে এই ব্যারিয়ার স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে এই ধরনের যানবাহন আর ক্যাম্পাসে ঢুকতে পারবে না। ব্যারিয়ারগুলোর কার্যক্রম তদারকি করার জন্য লোকবল নিয়োগ করা হবে।
ব্যারিয়ার বসানোর স্থান সম্পর্কে তিনি জানান, মোট ছয়টি স্থানে এই ব্যারিয়ার বসানো হবে: নীলক্ষেত, শাহবাগ, পলাশী মোড়, জগন্নাথ হল সংলগ্ন চার রাস্তার মোড়, শহীদুল্লাহ হল এবং চাংখারপুলের মোড়। এছাড়া দোয়েল চত্বর সংলগ্ন হাইকোর্ট রোডে আরও একটি ব্যারিয়ার বসানো হবে। এর মাধ্যমে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।
বিশ্ববিদ্যালয়ের আশেপাশে রাজনৈতিক বা অন্য কোনো ধরনের সমাবেশ হলে, সেখানে পার্কিং করা গাড়ি ও বাসের কারণে শিক্ষার্থীদের চলাচলে বাধা সৃষ্টি হয়। ব্যারিয়ার স্থাপনের মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে বলে ধারণা করা হচ্ছে।