কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী পদে মনোনয়ন দিলেন ট্রাম্প

১৫ নভেম্বর, ২০২৪

টিকাবিরোধী ও চিকিৎসাশাস্ত্রে ষড়যন্ত্রের তাত্ত্বিক হিসেবে পরিচিত রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এসময় ডোনাল্ড ট্রাম্প বলেন, কেনেডি জুনিয়রের নাম মনোনীত করতে পেরে তিনি খুবই পুলকিত। তিনি চান, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সুরক্ষাব্যবস্থায় পরিবর্তন আনার ক্ষেত্রে কেনেডি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন করবেন।

কেনেডি শিশুদের টিকা দেওয়ার বিরোধী। তিনি দাবি করেন, টিকার কারণে শিশুরা প্রতিবন্ধী হয়ে থাকে। তবে এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। এ ছাড়া কোভিড–১৯ টিকাকে প্রাণঘাতী বলেছিলেন কেনেডি।

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা রাজনৈতিক পরিবারের সদস্য রবার্ট কেনেডি জুনিয়র আর এফ কে জুনিয়র নামে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে পরিবেশের সুরক্ষায় সোচ্চার ভূমিকা পালন করছেন। এবারের নির্বাচনে তিনিও রিপাবলিকান দলের প্রার্থিতা প্রত্যাশী ছিলেন। পরে তিনি ট্রাম্পকে স্বীকৃতি দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।

কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন পেলে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবাবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন কেনেডি। বর্তমানে ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে আছে সিনেট। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবাবিষয়ক মন্ত্রণালয় একটি বিশাল প্রতিষ্ঠান। এখানকার বাজেটের পরিমাণ দুই লাখ কোটি ডলার।