২০ নভেম্বর, ২০২৪
ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিমের (রাচি) মৃত্যুর ঘটনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গায়েবানা জানাজা হয়।
জানাজার আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদুল আলম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার আজ শোকাহত। আমরা এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি চাই না। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো সক্ষমতার পুরোটা দিয়ে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে।
কোষাধ্যক্ষ আবদুর রব বলেন, আমরা এ ধরনের ঘটনা প্রত্যাশা করি না। এটা সত্য আমরা ক্যাম্পাসে সে ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি। একমাস আগে একটি মেয়ে ক্যাম্পাসে এলো তার বাবা-মায়ের প্রত্যাশা থাকে। আমরা তাদের স্বপ্নটা অঙ্কুরে বিনষ্ট করে দিলাম। তাদের সমবেদনা জানানোর ভাষা আমাদের নেই।
উপ-উপাচার্য (প্রশাসন) সোহেল আহমেদ বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না। আমাদের যে পরিমাণ লোকবল বাজেট দরকার নিরাপত্তার জন্য তাতে আমাদের সীমাবদ্ধতা আছে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
উপ–উপাচার্য (শিক্ষা) মাহফুজুর রহমান বলেন,এধরণের মৃত্যু কাম্য নয়। আমরা এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ইতোমধ্যে চার জনকে সাময়িক বরখাস্ত করেছি। আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, আমরা খুব বেশি দিন হয়নি প্রশাসনে এসেছি। আমাদের সীমাবদ্ধতার লিস্টটা অনেক বড়। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে একটার পর একটা দুর্ঘটনা আমাদের কাজকে কঠিন করে দিচ্ছে। আমরা ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছি।
জানাজা শেষে সন্ধ্যায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।