কক্সবাজারে পৃথক দুর্ঘটনায় নিহত ২

২২ নভেম্বর, ২০২৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন যুবকের পরিচয় মিললেও অপরজনের পরিচয় যায়নি। নিহত জয়নাল আবেদীন (২৮) উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বামনকাটা গ্রামের লোদা মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক প্রতিবন্ধী জয়নাল আবেদীন বৃহস্পতিবার বিকালে রামু উপজেলার রশিদ নগরে একটি বিয়ের অনুষ্ঠানে যান। মহাসড়ক পারাপারের সময় কক্সবাজারমুখি একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার রাতে মারা যান। 
অপর দুর্ঘটনায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী রেললাইনের পাশে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় মেম্বার মো. আলী জানান, কক্সবাজারমুখি একটি ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হতে পারে। মরদেহটি এতটাই বিকৃত ছিল যে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মছিউর রহমান দুর্ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে জানান উভয় ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানা ও রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।