২৩ নভেম্বর, ২০২৪
মানিকগঞ্জের শিবালয়ে গৃহবধূ নুরজাহান বেগম হত্যা মামলায় প্রেমিক আলিফকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে আদালতে নেয়া হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এদিন বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ওসি এআরএম আল-মামুন। এর আগে, শুক্রবার রাতে র্যাবের সহযোগিতায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলিফ ছোট বোয়ালী গ্রামের আতোয়ার রহমানের ছেলে। তিনি নুরজাহানের স্বামী ইকলাছের সঙ্গে কাঠ কাটার কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, নুরজাহানের সঙ্গে আলিফের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যা দীর্ঘ ৭-৮ বছর পর দুই পরিবারে জানাজানি হয়। গত ১৮ নভেম্বর রাতে নুরজাহান ও আলিফের মধ্যে ফোনে যোগাযোগ হয়। সেই রাতে তারা ফসলি মাঠে দেখা করেন। শারীরিক সম্পর্কের একপর্যায়ে আলিফ ধারালো চাকু দিয়ে নুরজাহানকে নৃশংসভাবে হত্যা করেন।
ওসি এআরএম আল-মামুন জানান, অত্যাধুনিক প্রযুক্তি ও র্যাবের সহায়তায় আলিফকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ঘটনাস্থলের পাশের একটি পুকুর থেকে হত্যায় ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর নুরজাহানের গলাকাটা বিবস্ত্র লাশ বোয়ালী গ্রামের একটি মাঠ থেকে উদ্ধার করে পুলিশ।