আদ্-দ্বীনের উদ্যোগে খুলনায় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

২৮ নভেম্বর, ২০২৪

আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে খুলনার দাকোপ উপজেলায় জলবায়ু পরিবর্তন অভিযোজন দলের উপকারভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রীণ ক্লাইমেট ফান্ড এর আর এইচ এল প্রকল্পের আওতায় আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে। দাকোপ উপজেলার বিভিন্ন গ্রামের পাঁচশত উপকারভোগীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর এইচ এল প্রকল্পের ফোকাল পার্সন অনুপ কুমার দে, প্রকল্প সমন্বয়কারী মো. আব্দুল আজিজ, টেকনিক্যাল এন্ড মনিটরিং অফিসার মো. আল-আমিন সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা উপকূলের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফলজ ও ঔষধি গাছের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। উপস্থিত উপকারভোগীরা বিনামূল্যে গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এগুলো যত্নসহকারে পরিচর্যা করে উৎপাদনের আগ্রহ প্রকাশ করেন।

নারিকেল, কদবেল, পেয়ারা, নিম, সফেদা, সুপারিসহ বিভিন্ন প্রজাতির তিন হাজার ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে উপকারভোগীদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার লক্ষ্যও বাস্তবায়িত হবে।