‘সর্বকালের সেরা বোলারদের একজন বুমরাহ’

০২ ডিসেম্বর, ২০২৪

টেস্ট ক্রমতালিকা অনুযায়ী বিশ্বের এক নম্বর বোলার। সার্বিক ভাবে বলা যায়, তিন ফরম্যাটেই বিশ্বের সেরা পেসার এই মুহূর্তে জসপ্রীত বুমরাহ। বছরের পর বছর তা প্রমাণ করে চলেছেন। এ বছরও দুর্দান্ত ফর্মে ভারতীয় এই পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কৃপণ বোলিং করেছিলেন বুমরাহ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ক্লিন সুইপ হওয়ার পর অস্ট্রেলিয়ায় ব্যাপক চাপে ছিল ভারতীয় দল। অধিনায়ক এবং বোলার, দুই ভূমিকাতেই পার্থ টেস্টে দাপট দেখিয়েছেন ভারতের এই পেস তারকা। তাঁকে নিয়ে এবার মুগ্ধ অজি ক্রিকেটারও। 

গত দুটি ফাইনালে ভারতের প্রধান মাথাব্যাথা ছিলেন ট্রাভিস হেড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত সংস্করণের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডের অনবদ্য ইনিংসেই পিছিয়ে পড়ে ভারত। তেমনই গত বছর ওয়ানডে বিশ্বকাপ ফাইনালেও ভারতের বাধা হয়ে দাঁড়িয়েছিলেন হেড। পার্থ টেস্টে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত পারফর্ম করেছেন। তবে ঘুরে দাঁড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। জসপ্রীত বুমরাহর বোলিংয়ে মুগ্ধ অজি ব্যাটার ট্রাভিস হেড।

অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্ট শুক্রবার থেকে। প্রথম টেস্টে বুমরাহর পারফরম্যান্স ভারতকে ভরসা দিয়েছে। তেমনই অজি শিবিরে আতঙ্কও তৈরি করেছে। অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটার ট্রাভিস হেড বলেন, ‘সম্ভবত সর্বকালের সেরা বোলার হিসেবেই অবসর নেবে জসপ্রীত বুমরাহ। আমরা এখন বুঝতে পারছি, ওকে ফেস করা কতটা কঠিন। এই চ্যালেঞ্জটা নিতে ভালোই লাগছে।’

হেড আরও যোগ করেন, ‘একটা সময় এই দিনগুলোর কথা ভাবব। নাতি-নাতনিদের গর্ব করে বলতে পারব, বুমরাহর মতো বোলারের ডেলিভারি সামলেছি। ওর বিরুদ্ধে খেলাটা উপভোগ করছি। আশা করছি, আরও কয়েকবার ওর বিরুদ্ধে খেলার সুযোগ পাব। চ্যালেঞ্জটা উপভোগ্য হবে।’