ভারতে বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

০৩ ডিসেম্বর, ২০২৪

ভারতের আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলা করে পতাকা পোড়ানো এবং ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এক বিবৃতিতে এই নিন্দা জানান। একই সঙ্গে ভারত সরকারের কাছে ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।  

ছাত্রদল জানায়, বাংলাদেশে জাতীয় পতাকার অবমাননা, সম্পত্তি ভাঙচুর এবং কূটনৈতিক প্রাঙ্গণে অনুপ্রবেশের সাথে জড়িত এই হামলা, ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের অধীনে কূটনৈতিক সম্পর্কের প্রতি ভারতীয় কর্তৃপক্ষের গুরুতর ব্যর্থতা প্রকাশ করে।

এছাড়াও সভাপতি রকিবুল ইসলাম রকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ ভারতীয় রাজনীতিবিদদের উস্কানিমূলক বক্তব্যের নিন্দা করেছেন। বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায়।