দুই মামলায় সাবেক এমপি আজাদ কারাগারে

০৪ ডিসেম্বর, ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব, এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক এবং জামালপুর সদর-৫ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদকে জামালপুরে বিশেষ ক্ষমতা আইনে করা নাশকতা পরিকল্পনার দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বুধবার বিকেলে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জামালপুর আমলি আদালতের বিচারক রোমানা আক্তার এই আদেশ দেন।

আইনজীবীরা জানান, নাশকতা পরিকল্পনার দুটি মামলায় আবুল কালাম আজাদকে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শোন অ্যারেস্ট দেখান আদালত। এরপর জামিনের জন্য আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। পরে জামিন শুনানির জন্য পরবর্তী একটি দিন ধার্য করেন আদালত।

তবে এই দুই মামলায় উল্লেখ করা তারিখে আসামি আবুল কালাম আজাদ জামালপুরে ছিলেন না বলে দাবি করেছে আসামি পক্ষ। আর রাষ্ট্রপক্ষ বলছে, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে সব তথ্য।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৩ ডিসেম্বর বিএনপির সমাবেশে হামলা ও ৩ আগস্ট ছাত্র আন্দোলনে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার পরিকল্পনাকারী হিসেবে করা দুটি মামলার আসামি হয়েছেন আবুল কালাম আজাদ।