সম্প্রীতি রক্ষার শপথ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

০৭ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান, উপজাতি ও বিদেশি শিক্ষার্থীসহ সব ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত ঐক্য গড়ার লক্ষ্যে শপথ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে ‘শপথ পাঠ ও সম্প্রীতি সমাবেশ’ কর্মসূচিতে এ শপথ গ্রহণ করেন তারা।

‘সম্প্রীতি মঞ্চ’ নামের একটি সংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার প্রমুখ।

শপথ বাক্যে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, ‘পবিত্র মাটির প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা থেকে শপথ করছি যে ধর্ম, বর্ণ, গোত্র কিংবা মতাদর্শের ভেদাভেদ ভুলে আমরা আমাদের প্রিয় মাতৃভ‚মির স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা এবং বাংলাদেশপন্থি আদর্শ রক্ষায় সর্বদা ঐক্যবদ্ধ থাকব...।’

উপাচার্য বলেন, শপথ বাক্যে যেসব কথা লেখা আছে বাংলাদেশের বিপুল পরিমাণ মানুষ কোনোরকম শপথ ছাড়াই সারাজীবন এসবেরই চর্চা করে আসছে। আমাদের কখনো সচেতনভাবে নিজেদেরকে অসাম্প্রদায়িক প্রমাণ করার প্রয়োজন হয়নি।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, জাতিগতভাবে আমাদের ধর্মের ভিন্নতা হলেও সার্বভৌমত্বের দিক থেকে আমরা এক। আমাদের সবকিছুর ঊর্ধ্বে দেশ। পার্শ্ববর্তী দেশ আমাদের ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার জন্য উঠেপড়ে লেগেছে। আমাদের একতাবদ্ধের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করব।