১১ ডিসেম্বর, ২০২৪
ঢাকার সাভারে পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননার আয়োজন করে সামাজিক ও আইনিবিষয়ক মানবাধিকার সংস্থা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে সাভার উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে মানবাধিকার কর্মী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মূল অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।
সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অনিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা, সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন খান নঈম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. নজরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংস্থার কার্যক্রম তুলে ধরে অনুষ্ঠানের সভাপতি সামাজিক ও আইনিবিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ জে.এইচ রানা বলেন, ‘‘নিজের অধিকার আদায়ের সঙ্গে সঙ্গে অন্যের অধিকার নিশ্চিত করা উচিত। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এ ব্যাপারে সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে।’’
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সংস্থার পক্ষ থেকে সাভার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিব, দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক (সাভার) মতিউর রহমান ভাণ্ডারী, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার শরিফ রুবেল, দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার (সাভার) সোহেল রানা, বেসরকারি চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি (সাভার) সৈয়দ হাসিবুন নবী রাজুকে সম্মাননা স্মারক এবং জুলাই আন্দোলনে নিহত-আহত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।