১২ ডিসেম্বর, ২০২৪
মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি পিএইচডি গবেষক মাওলানা হাবিবুর রহমান আজহারি (৩৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্থানীয় সময় সোমবার রাত ১টার দিকে কায়রোর নাসার সিটিতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত মঙ্গলবার আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে আবুর সিটির বাংলাদেশ দূতাবাসের কবরস্থানে তাকে দাফন করা হয়।
মাওলানা হাবিবুর রহমান বাগেরহাট জেলার সদর থানার হরিণখানা গ্রামে ১৯৮৮ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ আবদুল হাকিম একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।
জানা যায়, তরুণ মেধাবী আলেম হাবিবুর রহমান রাজধানীর জামিয়া ইসলামিয়া লালমাটিয়া থেকে দাওরা হাদিস সম্পন্ন করেন। এরপর ২০১৪ সালে উচ্চশিক্ষা অর্জনে আল-আজহারে গমন করেন। ২০১৮ সালে আল-আজহারের উসুলুদ্দীন অনুষদের তাফসির ও কোরআন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন।
২০২৩ সালে তিনি সর্বোচ্চ ফলাফল নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর একই বিভাগে এমফিল ডিগ্রি সম্পন্ন করে পিএইচডি গবেষণায় যুক্ত হন। মাত্র দেড় বছরে ভালো ফলাফল অর্জন করে এমফিল ডিগ্রি সম্পন্ন করে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি।
মাওলানা হাবিবুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমামের উপদেষ্টা ও ধর্মতত্ত্ব অনুষদের বিদেশি শিক্ষার্থীদের ডিন ড. নাহলা আল-সায়িদি। তিনি মরহুমের জন্য জান্নাতে উচ্চাসনের প্রার্থনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানান।
শোক জানিয়েছেন মিসরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিস সামিনা নাজ। এছাড়া, মিসরের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন ও আজহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ গভীর শোক জানিয়েছে।