১৩ ডিসেম্বর, ২০২৪
পিরোজপুরে দায়ের হওয়া মিথ্যা মামলা থেকে বিএনপি নেতা তারেক রহমান খালাস পাওয়ায় আনন্দ র্যালি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
আনন্দ র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের সিও অফিস মোড়ে গিয়ে থামে। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন - জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আকনসহ সংগঠনের বিভিন্ন নেতারা।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক বলেন, ছাত্র-রাজনৈতিক কর্মীসহ সবার মিলিত প্রচেষ্টায় দীর্ঘ আন্দোলনের ফলেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এর আগে আওয়ামী লীগের আইনজীবী সমিতির তথাকথিত সদস্যরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেছে। এখন সেই মামলা থেকে আদালত তাকে অব্যাহতি দিয়েছেন।
দেশের বিভিন্ন স্থানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের বিভিন্ন নেতা-কর্মীর নামে আওয়ামী লীগ গত ১৬ বছরে অনেকগুলো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগ চেয়েছিল বিএনপিকে ধ্বংস করতে, কিন্তু আজ তারাই ধ্বংস হয়ে গেছে।