১৩ ডিসেম্বর, ২০২৪
মাদারীপুরের রাজৈরের কাঠালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত ও অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার বদরপাশা ইউপির কাঠালিয়া ব্রিজ নামক স্থানে রাজৈর থানার মোড় থেকে ছেড়ে আসা মোটরসাইকেল কাঠালিয়া ব্রিজ এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক ও আরোহীরা মাথায় জখম হয়ে একজন ঘটনাস্থলে মারা যান ও আরেকজন গুরুতর আহত অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন।
নিহত কাঠমিস্ত্রী বোরহান মুফতি (২২) রাজৈর উপজেলার বদরপাশা ইউপির পূর্ব দ্বাড়াদিয়ার সাহা মুফতির ছেলে ও গুরুতর আহত কাঠমিস্ত্রী রাব্বি মুফতি (২২) একই এলাকার মতিয়ার মুফতির ছেলে।
রাজৈর থানার ওসি মুহাম্মদ মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।